২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মদদের একটি মামলায় জামিন পেলেন নাদিম মোস্তফা

জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে জরুরি বিধিমালায় করা মামলায় রাজশাহীর (পুঠিয়া-দুর্গাপুর) বিএনপিদলীয় সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে জামিন দিয়েছে আদালত। ইতোমধ্যে দুটি মামলায় তার ১৫ বছরের সাজা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

নাটোর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে জরুরি বিধিমালায় করা মামলায় রাজশাহীর (পুঠিয়া-দুর্গাপুর) বিএনপিদলীয় সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে জামিন দিয়েছে আদালত। ইতোমধ্যে দুটি মামলায় তার ১৫ বছরের সাজা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোরের দায়রা জজ আব্দুল মজিদ নাদিম মোস্তফার জামিন মঞ্জুর করেন। ২০০৭ সালের ১ এপ্রিল পুঠিয়ার মহিদুল ইসলাম জঙ্গিদের মদদ দেওয়া, চাঁদা আদায় ও গাছে ঝুলিয়ে নির্যাতন চালানোর অভিযোগে বিএনপির সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন। তার বিরুদ্ধে রাজশাহীতে আরেকটি জঙ্গি মদদের মামলা রয়েছে। এ বছরের ২৯ এপ্রিল নাদিমের বিরুদ্ধে রাজশাহীতে মামলাটি হয়। এ মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী আমিনুল হকও রয়েছেন। ওই বছর ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর নাদিম মোস্তফা আত্মগোপন করেন। এ বছরের ১২ মে রাজশাহীর একটি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুর ১টায় পুলিশ পাহারায় রাজশাহী কারাগার থেকে তাকে নাটোরের দায়রা জজ আদালতে হাজির করা হয়। আদালত কক্ষে প্রবেশের সময় তার সঙ্গে বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী ছিলেন। নাদিম মোস্তফার আইনজীবীরা তার জামিনের আবেদন জানান। শুনানিতে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম। শুনানি শেষে আদালত ২০ হাজার টাকা মুচলেকায় নাদিম মোস্তফাকে জামিন দেয়। পিপি সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আসামি নাদিম মোস্তফা দীর্ঘ দিন পলাতক ছিলেন। তার জামিনের আদেশে জঙ্গিরা উৎসাহ পাবে।" সাবেক সাংসদ ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাদিম মোস্তফার বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল, চাঁদাবাজি, চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত, জঙ্গি মদদ এবং ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে মোট সাতটি মামলা হয়। এর মধ্যে ভোটকেন্দ্র দখলের মামলায় দুটি ধারায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেয় রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। প্রতারণার মামলায় একই আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়। বাকি তিনটির মধ্যে ঢেউটিন আত্মসাতের মামলায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দুটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। সাংসদ থাকার সময় পুঠিয়ার বানেশ্বর কলেজের কর্তৃপক্ষের কাছ থেকে সোনার মুকুট উপহার নিয়ে ব্যাপকভাবে আলোচিত হন নাদিম মোস্তফা। এদিকে, মঙ্গলবার নাটোরে আইনজীবীদের সঙ্গে আলাপ করা অনুমতি দেয় আদালত। তাকে পাশের একটি কক্ষে আইনজীবীদের সঙ্গে আলাপের জন্য ৩০ মিনিট সময় দেওযা হয়। কিন্তু দীর্ঘ তিন ঘণ্টা তিনি ওই কক্ষে দলীয় নেতা কর্মীদের নিয়ে আড্ডায় মেতে ছিলেন। সেখানে বাইরে থেকে দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়। অবশেষে বিকেল সোয়া চারটায় তাকে নিয়ে পুলিশ রাজশাহী কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ সময় আড্ডা দেওয়ার ব্যাপারে তার নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক নজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত কারা পরোয়ানা (কাষ্টডি ওয়ারেন্ট) না দেওয়ায় তারা আসামিকে নিয়ে যেতে পারছিলেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.