২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলটেবিলে উন্মুক্ত কয়লা খনির পক্ষে সাফাই

জ্বালানি বিষয়ক সাময়িকী 'এনার্জি অ্যান্ড পাওয়ার' এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে ইঙ্গিতে ও সরাসরি বিতর্কিত উন্মুক্ত পদ্ধতির কয়লা খনির পক্ষে সাফাই গাইলেন বক্তারা। এনার্জি অ্যান্ড পাওয়ার এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'স্ট্র্যাটেজি ফর সাসটেইনেবল এনার্জি' শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে বেশ কয়েকজন বক্তা বিভিন্নভাবে উন্মুক্ত খনন পদ্ধতির পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জ্বালানি বিষয়ক সাময়িকী 'এনার্জি অ্যান্ড পাওয়ার' এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে ইঙ্গিতে ও সরাসরি বিতর্কিত উন্মুক্ত পদ্ধতির কয়লা খনির পক্ষে সাফাই গাইলেন বক্তারা। এনার্জি অ্যান্ড পাওয়ার এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'স্ট্র্যাটেজি ফর সাসটেইনেবল এনার্জি' শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে বেশ কয়েকজন বক্তা বিভিন্নভাবে উন্মুক্ত খনন পদ্ধতির পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন। তবে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী বলেন, বিশেষজ্ঞদের মতামত নিয়ে জনগণের জন্য যা মঙ্গলকর হয় সেই সিদ্ধান্তই নেওয়া হবে। খনি এলাকার অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্যিক ও পরিবেশগত দিক থেকে যেটা ভালো হবে সে সিদ্ধান্তই নেওয়া হবে। মধ্যরাতে লোডশেডিং এর বিষয়ে তিনি বলেন, "তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। স্থানীয় সমস্যার কারণে হতে পারে। গরম পড়ার ফলে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। কিন্তু উৎপাদন ও বিতরণের সীমাবদ্ধতা আছে। ফলে ঘাটতি বেড়েছে। বৃষ্টি হলে এ ঘাটতি কমে যাবে।" এ পদ্ধতির ব্যাপারে সরাসরি কোনো মত না দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "সারা পৃথিবীতে যদি কয়লা উত্তোলন করে বিদ্যুৎ দিতে পারে তাহলে আমাদের দেশে কেন দিতে পারবে না?...কিভাবে ব্যবহার করবো, কোনটা ভালো হবে তা ঠিক করার দায়িত্ব সরকারের।" এফবিসিসিআই প্রধান বলেন, "আমরা নেপাল ভুটানের কথা শুনি। নেপাল নিজেই চলতে পারে না। প্রতিদিন ১৮ ঘণ্টা তার লোডশেডিং হয়। ভুটান তার নিজের জন্য ৮৪ বা ১৮৪ উৎপাদন করে। বাকিটা ভারতের কাছ থেকে নেয়। আমরা চাই এ সমস্যার সমাধান হোক। সুতরাং আমরা এর পেছনে আছি।" চারদলীয় জোট সরকারের আমলে উন্মুক্ত কয়লাখনির বিপক্ষে আন্দোলনের শরিক থাকলেও এদিন বিপরীত মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন মনসুর। তিনি বলেন, সরকারের উচিত বড়পুকুরিয়ায় নিজস্ব অর্থায়নে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু করা। হোসেন মনসুর বলেন, "আমরা একটি দেখি। যদি সাফল্য আসে তাহলে আরও অগ্রসর হবো।" কয়লা উত্তোলনের কোনো বিকল্প নেই বলেও মত দেন তিনি। পরমাণু শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা ড. ইউনুস আখন বলেন, "বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার কোনো বিকল্প নেই।" বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসেন ব্যয়ের প্রশ্ন তুলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করেন। তিনি বলেন, "বাংলাদেশের জন্য এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রশ্নসাপেক্ষ। কারণ এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় হবে। একই অর্থ দিয়ে অন্য জ্বালানি দিয়ে আরো বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সম্ভব।" সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বলেন, বিশেষজ্ঞদের একমত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই সরকার তা দ্রুত বাস্তবায়ন করতে পারবে। এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, ড. নাফিস আহমেদ, ড.এসএম মাহফুজুর রহমান, ড. আসাদুজ্জামান, ইমরান আহমেদ এমপি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ ইনামুল হক এমপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১১০৪ ঘ.