২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্তির সুপারিশ

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-নবম) পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়নে গঠিত কমিটি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-নবম) পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়নে গঠিত কমিটি। (আরো তথ্যসহ) মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করে তার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। পরে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী কমিটির এ সুপারিশ আগামী শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়ন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, "বিশ্বমানের শিক্ষার জন্য আমাদের পাঠ্যক্রমে পূর্ণাঙ্গ পরিবর্তন করতে হবে। তবে তা সময়ের ব্যাপার। এজন্য আমরা অতি জরুরি হিসেবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে আগামী শিক্ষাবর্ষে বই ছাপানোর ব্যবস্থা করছি। প্রাপ্ত সুপারিশ যথাযথ পদ্ধতি অনুসরণ করে আগামী বছরের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।" প্রেস ব্রিফিংয়ে কমিটির প্রধান অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ বলেন, "ধ্র"ব সত্য অস্বীকার করে কোনও জাতির শিক্ষা হতে পারে না। এতদিন আমরা ভুল-ভ্রান্তির মধ্যে ছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এতদিন ভুল, মিথ্যা ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। এগুলো আমরা সংশোধন করার চেষ্টা করেছি।" তিনি জানান, মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্যের বইয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং সামাজিক বিজ্ঞান বইয়ে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। কমিটির অপর সদস্য অধ্যাপক রতন সিদ্দিকী বলেন, "ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বইয়ে কিছু লেখা বাদ দিয়ে নতুন কিছু লেখা অন্তর্ভুক্ত করা হবে।" তিনি জানান, এর মধ্যে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠে 'রক্তে লেখা মুক্তিযুদ্ধের গল্প' বাদ দিয়ে 'একজন মুক্তিযোদ্ধার চিঠি' অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। রতন সিদ্দিকী বলেন, "সপ্তম শ্রেণীর একটি বইয়ে ইব্রাহিম খাঁর 'ভাঙ্গা কুলোর গল্পের' পরিবর্তে রনেশ দাস গুপ্তের 'মাল্যদান' গল্পটি সংযোজনের সুপারিশ করা হয়েছে। এছাড়া সপ্তম শ্রেণীর আরেকটি বইয়ে মাহবুবুল হকের 'কলে গড়া মানুষ' গল্পের পরিবর্তে মুহাম্মদ জাফর ইকবালের 'সবার জন্য কম্পিউটার' নিবন্ধটি অন্তর্ভুক্ত করারও সুপারিশ করা হয়েছে।" কমিটির আরেক সদস্য মাহাবুবুল হক জানান, অষ্টম শ্রেণীর 'সাহিত্য কণিকা' বইয়ে ড. আনিসুজ্জামানের লেখা রবীন্দ্রনাথের জীবন বিষয়ক নিবন্ধ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির প্রতিবেদনে ৬ষ্ঠ শ্রেণীর চারুপাঠে 'একজন মুক্তিযোদ্ধার চিঠি', আনন্দ পাঠে আনোয়ারা সৈয়দ হকের 'কাঠের পা', ৭ম শ্রেণীর সপ্তবর্ণায় রনেশ দাশগুপ্তের 'মাল্যদান' গল্প, মুহম্মদ জাফর ইকবালের নিবন্ধ 'সবার জন্য কম্পিউটার', আনন্দপাঠে অজিত গুহের গল্প 'বুলু', ইমদাদুল হক মিলনের 'উনিশ শো একাত্তর' ও উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গল্প 'দুষ্ট বাঘ' সংযোজনের সুপারিশ করা হয়েছে। ৮ম শ্রেণীর সাহিত্য কণিকায় রবীন্দ্র জীবন ভিত্তিক পাঠ 'রবীন্দ্রনাথের কথা', দ্বিজেন শর্মার 'গাছের সঙ্গে জীবন', বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ-'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম', মানিক বন্দ্যোপাধ্যায়ের 'তৈলচিত্রের ভূত', ৯ম-১০ম শ্রেণীর মাধ্যমিক বাংলা সংকলনে 'তথ্য প্রযুক্তি', কবি নির্মলেন্দু গুণের 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল', সামাজিক বিজ্ঞানে "বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র" শীর্ষক অধ্যায় সংযোজন করার সুপারিশ করা হয়। এছাড়াও এসব পাঠ্যবইয়ের বিভিন্ন শব্দ, লাইন, বাক্য ইত্যাদিরও পরিবর্তন, সংযোজন ও বিয়োজনের কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে। গত ৩০ এপ্রিল মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মমতাজউদ্দীন আহমদের নেতৃত্বে নয় সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, কথাশিল্পী সেলিনা হোসেন, অধ্যাপক ড. মাহবুবুল হক, অধ্যাপক মু. নাজমুল হক, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মমতাজউদ্দীন পাটোয়ারী, অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, রতন সিদ্দিকী ও অধ্যাপক জিয়াউল হাসান ( সদস্য সচিব)। এর আগে প্রাথমিক স্তরের জন্য মমতাজউদ্দিনের নেতৃত্বে এ ধরনের আরেকটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এজে/এইচএ/১৭২৪ ঘ.