২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার ঘোষণা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার আপিল

জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হচ্ছে। এ মামলায় একজন বিবাদী উইং কমান্ডার (অব) হামিদুল্লাহ খানের কৌসুলি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সোমবার সাংবাদিকদের বলেন, "আগামীকাল (মঙ্গলবার) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করব।" আপিল দায়েরের জন্য সোমবার হামিদুল্লাহ খান হাইকোর্টে তার আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদের চেম্বারে এসে ওকালতনামায় স্বাক্ষর করেন। হামিদ্ল্লুাহ খান সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ে জাতিকে বিভক্ত করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করব।" তিনি বলেন, "১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তখন আওয়ামী লীগের কোন নেতা-কর্মী এ ঘোষণা দেননি।" হামিদুল্লাহ খান আরও বলেন, "স্বাধীনতার ঘোষণা করা বড় কথা নয়, জিয়াউর রহমান তখন বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এটাই বড় কথা।" আদালতের রায়ে ইতিহাস নির্ধারিত হয়না মন্তব্য করে তিনি বলেন, "শেখ মুজিব অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।" ২১ জুন হাইকোর্ট জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়। রায়ে আদালত এছাড়াও জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরে চারদলীয় জোট সরকারের আমলে মুদ্রিত "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র"-এর তৃতীয় খণ্ড বাতিল ও বাজেয়াপ্ত ঘোষণা করে। হাইকোর্ট দেশের সব মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাধ্যতামূলকভাবে সন্নিবেশ করার জন্যও সরকারকে নির্দেশ দেয়। গত ২০ এপ্রিল মুক্তিযোদ্ধা ডা. এমএ সালামের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের জুন মাসে মুদ্রিত 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র' এর তৃতীয় খণ্ড কেন বাজেয়াপ্ত করা হবে না এবং ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুলনিশি জারি করেছিল। পরে রিটটিতে সেক্টরস কমান্ডার্স ফোরাম ও মুক্তিযোদ্ধা হামিদুল্লা খান পক্ষভূক্ত হয়েছিলেন। ১৯ এপ্রিল ডা. এম এ সালাম রিটটি দায়ের করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২৩৪৩ঘ.