চাঁপাইনবাবগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাল জাতীয় পরিচয়পত্র তৈরির সময় সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
জব্দ করা হয়েছে দুটি কম্পিউটার, একটি স্ক্যানার, একটি মোটরসাইকেল এবং বেশ কিছু জাল জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজ।
গ্রেপ্তার করা পাঁচজন হলেন- প্রতিষ্ঠানের মালিক আজাইপুরে নয়ন আলী (২৩), কর্মচারি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের মোহাম্মদ লিটন (২০) এবং জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করতে আসা সদর উপজেলার মহারাজপুর গ্রামের শহীদুল ইসলাম (২০), ধুমিহায়াতপুর গ্রামের আল-মামুন (২০) ও শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের মতিউর রহমান (২২)।
র্যাব-৫ এর সহকারী পরিচালক কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, শহরের ফকিরপাড়ার নিসা এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে জাল জাতীয় পরিচয়পত্র তৈরির সময় বিকেল ৪টার দিকে এদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, জব্দ করা মালামালসহ গ্রেপ্তার করা পাঁচ ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24