২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে চোরাইপথে আনা নয় টন জিরা আটক

দিনাজপুরের হাকিমপুর ও বিরামপুর উপজেলায় ভারত থেকে চোরাইপথে আনা নয় টন ২৪০ কেজি জিরা আটক করেছে চোরাচালান বিরোধী টাস্কফোর্স ও বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

দিনাজপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের হাকিমপুর ও বিরামপুর উপজেলায় ভারত থেকে চোরাইপথে আনা নয় টন ২৪০ কেজি জিরা আটক করেছে চোরাচালান বিরোধী টাস্কফোর্স ও বিডিআর। এর মধ্যে রোববার রাতে হাকিমপুরের হিলি বাজার থেকে আটক করা হয় পাঁচ টন ৪০ কেজি। সোমবার দুপুরে বিরামপুরে আটক করা হয় চার টন দুশ' কেজি জিরাসহ একটি ট্রাক। আটক করা জিরার বাজারমূল্য ২৭ লাখ টাকা বলে জানিয়েছেন টাস্কফোর্স ও বিডিআর কর্মকর্তারা। বিডিআর'র হিলি কোম্পানি কমান্ডার সুবেদার আওলাদ আলী মোল্লা জানান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিনুর রহমানের নেতৃত্বে পুলিশ, বিডিআর ও কাস্টম্স কর্মকর্তার সমন্বয়ে গঠিত চোরাচালান বিরোধী টাস্কফোর্সের একটি দল রোববার রাত ১টায় হিলি বাজারের পালপাড়ায় একটি গুদামে অভিযান চালায়। তিনি জানান, গুদামটির মালিক হাজী তোরাব আলী। উদ্ধার করা জিরা হিলি বিডিআর ফাঁড়িতে রাখা হয়েছে। বিডিআর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ৪০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম জানান, বিডিআর বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা উপজেলার বেলডাঙ্গা এলাকায় সোমবার দুপুর আড়াইটায় জিরা বোঝাই একটি ট্রাক আটক করেছে। ট্রাকটি (বগুড়া-ঢ-১১-৫৬৯) হিলি থেকে আসছিল। তিনি জানান, ট্রাক তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা চার টন দুশ' কেজি জিরা উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক ও তার সহকারী পালিয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৪ ঘ.