ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবায়নযোগ্য সৌরশক্তি প্রকল্পের জন্য ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে এক কোটি ৮০ লাখ মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
এছাড়া পদ্মা সেতু নির্মাণে ১৩০ কোটি মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে আইডিবি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
বিদ্যমান তীব্র জ্বালানি সঙ্কট মোকাবেলায় সৌর ও অন্যান্য নবায়নযোগ্য শক্তি উৎসের বিকাশকে সরকার গুরুত্বের সঙ্গে নেওয়ার ঘোষণা দিয়েছে।
সোমবারের মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ বিষয়ে বলেন, "আইডিবির সঙ্গে ১৮ মিলিয়ন মার্কিন ডলারের নবায়নযোগ্য সৌর জ্বালানি প্রকল্প বিষয়ক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইডিবি পদ্মা সেতু নির্মাণে ১৩০ কোটি মার্কিন ডলার দিতে রাজি হয়েছে।"
সোমবার মন্ত্রিসভার বৈঠকে একমাত্র আলোচ্য বিষয় ছিল জুনের প্রথম দিকে অনুষ্ঠিত আইডিবির সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সংক্রান্ত প্রতিবেদন।
আজাদ বলেন, বৈঠকে আইডিবির বোর্ড অব গভর্নরস এর ৩৪তম সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
গত ২-৩ জুন তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদে ওই সভা অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রীর নেতৃত্বে ৩ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল এতে অংশ নেয়।
প্রেস সচিব বলেন, আইডিবির সভায় তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে দেওয়া বক্তৃতায় অর্থমন্ত্রী মুহিত বিশ্বমন্দার প্রেক্ষাপটে মুলধন ও বিনিয়োগ সরবরাহ হ্রাসের কথা উল্লেখ করেন।
আইডিবির সদস্য দেশে কর্মরত বাংলাদেশিরা যাতে দেশে ফেরত না আসেন বা কর্মচ্যুত না হন সেসব বিষয় দেখার জন্য অর্থমন্ত্রী ৫৬টি সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন বলে জানান আজাদ।
আগামী বছর আইডিবির বোর্ড অব গভর্নরস এর সভা আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এফএফ/এজে/এসকে/
bdnews24