২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমা রক্ষায় নৌ-বাহিনীকে শক্তিশালী করার সুপারিশ

বঙ্গোপসাগরে বাংলাদেশের অরক্ষিত সমুদ্রসীমা ও সম্পদ রক্ষায় নৌবাহিনীকে আরো শক্তিশালী করে তোলার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 11:03 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে বাংলাদেশের অরক্ষিত সমুদ্রসীমা ও সম্পদ রক্ষায় নৌবাহিনীকে আরো শক্তিশালী করে তোলার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রস্তাবিত জাতীয় প্রতিরক্ষা নীতি চূড়ান্ত করার আগে সরকারকে জনগণের সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে বলেও একমত হয়েছেন কমিটির সদস্যরা। তারা সমুদ্রসীমা নিয়ে মিয়ানমার ও ভারতের সঙ্গে চলমান বিরোধও আলোচনার মাধ্যমে নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সংসদ ভবনে সোমবার বৈঠকের পর কমিটির সভাপতি ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, "(বঙ্গোপসাগরে) আমাদের বিশেষ অর্থনৈতিক এলাকা রক্ষায় নৌ-বাহিনীকে আরও উন্নত করে তুলতে হবে বলে আমরা সবাই একমত হয়েছি।" "আমাদের ৪০ হাজার বর্গমাইলের বিশেষ অর্থনৈতিক এলাকায় মাছ ধরা এবং সেখান থেকে খনিজ সম্পদ তোলার অধিকার শুধু আমাদেরই রয়েছে," বলেন তিনি। ইদ্রিস আলী বলেন, নৌ-বাহিনী জনবল ও যান স্বল্পতাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। স্থায়ী কমিটির বৈঠকে নৌ-বাহিনীর পক্ষ থেকে তাদের বর্তমান শক্তি সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরা হয়। কমিটি সভাপতি বলেন, "আমাদের চারটি ফ্রিগেটের মধ্যে দু'টি পুরনো হয়ে গেছে। আর যে দু'টি আধুনিক ফ্রিগেট আছে তা বিগত আওয়ামী লীগ সরকার সংগ্রহ করেছে,।" কোরিয়ার কাছ থেকে ফ্রিগেট দু'টি সংগ্রহের সময় ইদ্রিস আলী প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিগত বিএনপি সরকারের সময় দায়ের করা ফ্রিগেট ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তাকেও আসামি করা হয়। কমিটির সভাপতি বলেন, "সমুদ্রসীমা এখনও নির্ধারণ করা সম্ভব না হওয়ায় আমরা আমাদের বিশেষ অর্থনৈতিক এলাকার সুযোগ-সুবিধা কাজে লাগাতে পারছি না।" বঙ্গবন্ধু ১৯৭৪ সালে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ করার পদক্ষেপ নিয়েছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু পরবর্তী সরকারগুলো এ ব্যাপারে প্রয়োজনীয় নজর দেয়নি। মিয়ানমার গত বছরের ডিসেম্বর এবং ভারত এ বছরের মে মাসে জাতিসংঘে তাদের সমুদ্রসীমার মানচিত্র জমা দিয়েছে। দুই প্রতিবেশী দেশই জলসীমা নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিগগিরই আমরা জাতিসংঘে মিয়ানমার ও ভারতের দাবির ব্যাপারে কূটনৈতিক প্রতিবাদ জানাবো।" বৈঠকে কমিটির সদস্য এইচ এম এরশাদ, মুজিবুল হক এবং আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এইচএ/টিআর/এসকে/২১৪২ঘ.