ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচালক ও সহকারীদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে রোববার ভোরে একটি সিমেন্ট ভর্তি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ট্রাকের চালক আব্দুল হাই (৩৮) এবং সহকারী ফারুক হোসেন (৩৫) ও পান্নাকে (২২) অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, শনিবার রাতে মুন্সীগঞ্জের একটি কারখানা থেকে সিমেন্ট বোঝাই করে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৪-৭৭৪১) ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে কোন এক জায়গায় চালক ও সহকারীদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চালক ও দুই সহকারীকে ফতুল্লা থানার আলীগঞ্জ থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়।
চিকিৎসাধীন ট্রাক চালক আব্দুল হাইয়ের বন্ধু গোলাম মোস্তফা দুলাল হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে আলীগঞ্জ এলাকায় পাশের ইটভাটার শ্রমিকরা বস্তার ভেতর কিছু নড়তে দেখে। পরে তারা বস্তার মুখ খুলে তিনজনকে উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২৩৫৩ঘ.
bdnews24