ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের শুল্ক (কাস্টমস) কর্তৃপক্ষ বিভিন্ন মডেলের ৬ হাজার ১১৮টি মোবাইল ফোন সেট আটক করেছে।
বিমানবন্দরে দায়িত্বরত অতিরিক্ত কাস্টমস কমিশনার হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, হংকং থেকে আসা একটি বিমানে করে মোবাইল সেটগুলো আসে। তবে এর কোনও দাবিদার ছিল না।
তিনি বলেন, "বাংলাদেশ বিমানের বিজি ০৭৯ উড়োজাহাজটি গত শুক্রবার রাত পৌনে ১১টায় ঢাকায় নামে। সব যাত্রী চলে যাওয়ার পরও বিমানবন্দরের ডিপারচার ট্রানজিট লাউঞ্জে ২২টি মাঝারি ধরনের ব্যাগ পড়ে ছিল।
"শনিবার সকাল পর্যন্ত ব্যাগলোর মালিকানা নিয়ে কেউ দাবি না করায় পরে সেগুলো কাস্টমস হলে এনে বিমানবন্দরে কর্মরত সব নিরাপত্তা সংস্থার সদস্যদের সামনে খোলা হয়।"
২০০৯-১০ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেটের আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট পাস হওয়ার আগেই এই মোবাইল চালান এল।
মোবাইল ফোন সেট ছাড়াও ব্যাগের ভেতরে ১ হাজার ১৮টি এমপি ফোর এবং কম্পিউটারের ১২টি মাদার বোর্ড পাওয়া যায়।
কাস্টমস কর্মকর্তা জানান, মোবাইল সেট, এমপি ফোর এবং মাদার বোর্ডের মূল্য আনুমানিক ৫ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১২৫৬ ঘ.
bdnews24