গাজীপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাধিক র্যাব সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি এবং মাদক কেনাবেচায় ইন্ধনের অভিযোগ করেছেন গাজীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি মজিবুর রহমান ওরফে মুজিবুর মোক্তার।
শনিবার সকালে গাজীপুর শহরের বিলাসপুর মহল্লায় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগের ব্যাপারে র্যাব সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে মুজিবুর মোক্তার বলেন, গত ১৮ জুন সন্ধ্যায় তার ভাই আব্দুল আজিজ হাবিবউল্লাহ সড়কে মান্নান নামের এক ব্যক্তির চালের দোকানে বসে ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে র্যাব সদস্য দেলোয়ার হোসেন, শহিদুল ইসলামসহ পাঁচজন সাদা পোশাকে সেখানে আসেন।
তিনি বলেন, এরপর তারা আজিজকে পাশে ডেকে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। আজিজ চাঁদা দিতে অস্বীকার করায় র্যাব সদস্যরা তাকে বেদম প্রহার করে। এক পর্যায়ে র্যাব সদস্য দেলোয়ার আজিজের মাথায় পিস্তল ঠেকিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে চলে যান।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, র্যাব সদস্যরা মাসোহারার বিনিময়ে দীর্ঘ দিন ধরে অবৈধ পথে অর্থ উপার্জন করে মাদক কেনাবেচায় সাহায্য করছে। এ নিয়ে গত ২৭ নভেম্বর রাতে এলাকার কমিউনিটি পুলিশের সঙ্গে র্যাব সদস্যদের মারামারি হয়। এ ঘটনায় মুজিবুর, আজিজসহ চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা হয়। পরে তদন্ত কর্মকর্তা মুজিবুর রহমানকে অব্যাহতি দেন। আব্দুল আজিজ ওই মামলায় জামিনে আছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় শফিউদ্দিন সফি, আলী হোসেন, সাইফুল ইসলাম টুটুল, হাজি মুসলেম উদ্দিন, মাহতাবউদ্দিন আহাম্মদ প্রমূখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24