২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি নিয়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে ভাঙচুর-অগ্নিসংযোগ

ছাত্রভর্তিতে কোটা না দেওয়ায় রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে শনিবার সকালে ছাত্রমৈত্রীর কর্মীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

রাজশাহী, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রভর্তিতে কোটা না দেওয়ায় রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে শনিবার সকালে ছাত্রমৈত্রীর কর্মীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর তিন নেতাকে আটক করেছে। ক্যম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাত দিয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, সকাল ১০টা থেকে কলেজে উচ্চ মাধ্যমিকের ভর্তি ফরম বিতরণ শুরু হয়। বেলা ১১টার দিকে ছাত্রমৈত্রীর কয়েকজন নেতা-কর্মীর সহায়তায় একদল যুবক লোহার রড, হকিস্টিক, রামদা ও লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের মধ্যে তিনজন অধ্যক্ষের অফিসে ঢুকে তাদের ভর্তি কোটা দিতে বলে। তা না হলে ফরম বিতরণ বন্ধ রাখার দাবি জানায়। এতে অধ্যক্ষ রাজি না হলে তারা অধ্যক্ষের কক্ষ, শিক্ষক কক্ষ, কমন রুমের টেলিফোন, ফ্যাক্স, দেওয়াল ঘড়ি, আলমারি, শোকেস, চেয়ার-টেবিলসহ নানা আসবাবপত্র ভাংচুর এবং কাগজপত্র তছনছ করে। এরপর প্রধান ফটকের কাছে রাখা অধ্যক্ষের প্রাইভেট কার এবং ফরম কিনতে আসা আলম নামের এক অভিভাবকের মোটর সাইকেলে আগুন দেয়। পরে দমকল কর্মীরা এসে আগুন নেভায়। ওসি জানান, হামলায় বাধা দেওয়ায় অধ্যক্ষের গাড়ির চালক আরমান আলী, ভাংচুরের ছবি তোলার সময় ফরম নিতে আসা অনিক নামের এক শিক্ষার্থীসহ আরও ৪/৫ শিক্ষার্থীকে মারধর করে ছাত্রমৈত্রীর কর্মীরা। এ সময় তারা দু'টি মোবাইল ফোন সেটও কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ যাওয়ার আগেই তারা ক্যাম্পাস ত্যাগ করেন বলে তিনি জানান। তিনি জানান, ঘটনার পর বেলা সাড়ে ১২টার দিকে মহানগর ছাত্রমৈত্রী সভাপতি মতিউর রহমান মতি, সম্পাদক আকছারুজ্জামান সুমন এবং যুগ্ম-সম্পাদক রানা কলেজ ক্যাম্পাসে গেলে পুলিশ তাদের আটক করে। তারা এখন পুলিশ হেফাজতে আছেন বলেও জানান তিনি। ক্যাম্পাসে ঢোকার আগে মতি সাংবাদিকদের জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তিনি জানেন না। তবে তারা ছাত্রমৈত্রীর নেতা-কর্মী কিনা প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। কলেজের অধ্যক্ষ ফরিদা সুলতানা সাংবাদিকদের বলেন, অল্প সময়ের মধ্যে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্যাম্পাস ছেড়ে চলে যায়। তারা কলেজের ছাত্র নয় বলেও জানান তিনি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলে কলেজের স্টাফ কাউন্সিলের বৈঠকে ফরম বিতরণ স্বাভাবিক রাখা এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের সিদ্ধান্ত হয়।" ঘটনার পর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী পুলিশ রেঞ্জের ডিআইজি মোখলেসুর রহমান, মহানগর পুলিশ কমিশনার নওশের আলীসহ কর্মকর্তারা কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেকা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৭ ঘ.