২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে গ্রামবাসীর হামলায় ছয় পুলিশ আহত

আসামি ধরতে গিয়ে নড়াইলের কালিয়া উপজেলায় শুক্রবার রাতে গ্রামবাসীর হামলায় ছয় পুলিশ আহত হয়েছেন। এরা হলেন- কালিয়া থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান, সহকারী উপ-পরিদর্শক আইয়ুব হোসেন, কনস্টেবল হাফিজুর রহমান, কনস্টেবল তকিবুর রহমান, কনস্টেবল কাজী ইব্রাহিম, কনস্টেবল মোস্তাক আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 02:00 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

নড়াইল, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি ধরতে গিয়ে নড়াইলের কালিয়া উপজেলায় শুক্রবার রাতে গ্রামবাসীর হামলায় ছয় পুলিশ আহত হয়েছেন। এরা হলেন- কালিয়া থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান, সহকারী উপ-পরিদর্শক আইয়ুব হোসেন, কনস্টেবল হাফিজুর রহমান, কনস্টেবল তকিবুর রহমান, কনস্টেবল কাজী ইব্রাহিম, কনস্টেবল মোস্তাক আহম্মেদ। এদের মধ্যে হাফিজুর রহমান, কাজী ইব্রাহিম ও মোস্তাক আহম্মেদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কালিয়া থানার উপ-পরিদর্শক মো. আরিফ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে খুলনা জেলার দিঘলিয়া থানার দু'জন পুলিশ সাদা পোশাকে নড়াইলের কালিয়ার চালিতাতলা গ্রামে হত্যা মামলার দুই আসামিকে ধরতে গেলে স্থানীয়রা তাদের আটকে রাখে। এসআই আরিফ বলেন, খবর পেয়ে তিনিসহ (আরিফুর রহমান) কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় শতাধিক গ্রামবাসী তাদের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। অবরুদ্ধ দুই পুলিশকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৫ ঘ.