চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রামে সোয়াইন ফ্লু মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন কার্যালয়।
উভয় সংস্থা ইতিমধ্যে নগরীতে দুটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর দামপাড়া এলাকায় এবং সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে পৃথক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় একজন রোগী শনাক্তের পর চট্টগ্রামে এ সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে বন্দর নগরীতে এখনো কোন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সন্ধান মেলেনি বলে তিনি উল্লেখ করেন। ডা. সেলিম আক্তার আরও বলেন, এ রোগে আতঙ্কিত হবার কিছু নেই।
সিটি কর্পোরেশনের উদ্যোগে সোয়াইন ফ্লু মোকাবেলায় দুইজন চিকিৎসক ও দুইজন সহকারী নিয়ে একটি মেডিক্যাল টিম করা হয়েছে বলেও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উল্লেখ করেন। তিনি জানান, সার্বক্ষণিক একটি অ্যাম্বুল্যান্সও রাখা হয়েছে।
অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে শাহ আমানত বিমান বন্দরে অন্য নিয়ন্ত্রণ কক্ষটি খোলা হয়েছে। সেখানে দেশের বাইরে থেকে আসা লোকজনকে পরীক্ষা করা হবে।
চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ন্ত্রণ কক্ষ ছাড়াও নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ৪ আসনের একটি 'আইসোলেশন ওয়ার্ড' খোলা হয়েছে।
সিভিল সার্জন বলেন, "পর্যাপ্ত ওষুধ মজুদ আছে। সুতরাং সোয়াইন ফ্লুর চিকিৎসার জন্য আতঙ্কিত
হবার কিছু নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯১৬ঘ.
bdnews24