রংপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার দক্ষিণ রণচণ্ডী গ্রামের দুই সহোদরা।
তাদের বাড়িতে বেড়াতে আসা আকাশ নামে এক ব্যক্তি শুক্রবার রাতে এ ঘটনায় ঘটিয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছে।
শনিবার দু'বোনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসিডদগ্ধরা হলেন- রণচণ্ডীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নানের মেয়ে সীমু (১৮) ও সান্ত্বনা (২০)।
এদের মা লতিফা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার রাতে দুই বোন খাওয়া দাওয়া করে একসঙ্গে ঘুমিয়ে ছিল। আগে থেকেই ওই ঘরে খাটের নিচে লুকিয়ে ছিল আকাশ। গভীর রাতে সে ঘুমন্ত সীমু ও সান্ত্বনাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে।"
এসিডে সীমুর মুখমণ্ডলসহ এবং সান্ত্বনার হাতসহ সারা শরীর ঝলসে গেছে বলে তিনি জানান।
লতিফা বেগম জানান, দু' বোনের চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এলে আকাশ পালিয়ে যায়। বড় ছেলে লতিফের সঙ্গে পরিচয়ের সূত্রে আকাশ তাদের বাড়িতে যাওয়া আসা করতো। কিছু দিন আগে আকাশ সীমুকে বিয়ের প্রস্তাব দিলে তারা প্রত্যাখান করেন। এ কারণে আকাশ এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, সান্ত্বনা রংপুরে স্বামী-সন্তান নিয়ে বাস করেন। আর ছোট মেয়ে সীমু রংপুরের হাজিপাড়া মাদ্রাসায় পড়ে। দু'বোন চারদিন আগে বাড়ি আসে।
রংপুর মেডিকেলের চিকিৎসক ডা. আব্দুস সাত্তার জানান, দু বোনের মধ্যে ছোট বোন সীমুর অবস্থা বেশি খারাপ। তার দু'চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি০ সোহেল আফজার বরাত দিয়ে জানান, সীমু ও সান্ত্বনার পরিবার এখন পর্যন্ত মামলা করেনি। তবে পুলিশ ঘটনাটি জানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এজে/এমএসবি/১৭৫৪ ঘ.
bdnews24