ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে শুক্রবার এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
একইদিন সন্ধ্যায় সুনামগঞ্জে দু'দল জেলের সংঘর্ষে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
গোপালগঞ্জ: সদর উপজেলার ফুকরা গ্রামে আশিকুর রহমান সরদার নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আশিকুর ফুকরা মদন মোহন একাডেমির ৭ম শ্রেণীর ছাত্র ছিল। সে ফুকরা গ্রামের সালাউদ্দিন সরদারের ছেলে।
সালাউদ্দিন সরদার বলেন, "আমার ছেলে স্কুলের ফার্স্টবয়। তার ফুফাতো ভাই বখাটে যুবক মিঠু সরদার দুপুরে তাকে বাড়ি থেকে ডেকে পাশের মাঠলার চরে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।"
তিনি বলেন, ব্যবসার জন্য তিনি মিঠুর বাবা ফারুক সরদারের কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলেন। এরমধ্যে কিছু টাকা ফেরতও দেন। মিঠু প্রায়ই তাদের বাড়িতে টাকা চাইতে আসত। টাকা না পেয়ে মিঠু এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইব্রাহীম পাটোয়ারী বলেন, লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার চব্বিশা গ্রামে সন্ধ্যায় দু'দল জেলের সংঘর্ষে একজন নিহত এবং ১০জন আহত হয়েছেন।
নিহত জেলের নাম- জুবায়ের (২৩)। আহতদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা আশেক সুজা মামুন জানান, চব্বিশা গ্রামের বেশ কয়েকজন জেলে মিলে একটি মাছ ধরার জাল কিনেছিলেন। সন্ধ্যায় এ জাল নিয়ে সিরাজ ও জুবায়ের নামের দুই জেলের প্রথমে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরে তাদের দু'টি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে জুবায়ের নিহত হন।
ফের সংঘর্ষের আশংকায় সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আনিছুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও মামলা হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24