মেহেরপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি বাজার থেকে শুক্রবার ভোরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এম-এল) লাল পতাকা গ্র"পের আঞ্চলিক কমান্ডার মিজানুর রহমান আকালীকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব।
আকালীকে সঙ্গে নিয়ে তার রঘুনাথপুরের আস্তানায় অভিযান চালিয়ে দুটি শাটারগান, দুই রাউন্ড গুলি এবং একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আকালি লাল পতাকার মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কমান্ডার। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ভাংবাড়িয়া গ্রামের ওদুস উদ্দিন মণ্ডলের ছেলে বলে জানিয়েছেন র্যাব-৬ এর কর্মকর্তারা।
র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আকালী চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর সদরের পালিয়ে আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুরের আশ্রয়ন নামের গুচ্ছ গ্রামে থাকতেন। সেখানে তিনি অন্যের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।"
তিনি জানান, খবর পেয়ে র্যাব আমঝুপি বাজারে অবস্থান নেয়। মোবাইল ফোনে টাকা ভরতে আকালী বাজারে এলে র্যাব তাকে আটক করে। পরে তাকে গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গাংনী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বলেন, "আকালীর বিরুদ্ধে গাংনী ও আলমআঙ্গা থানায় দুটি হত্যাসহ অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৭৩৯ ঘ.
bdnews24