ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বনানীর একটি 'নাইটক্লাবে' শুক্রবার প্রথম প্রহরে অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
পরে তাদের পুলিশে তুলে দেওয়া হয়।
পুুলিশ বলছে, 'অসামাজিক' কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১৩০ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে বনানীর কেএনবি (কোরিয়া অ্যান্ড বাংলাদেশ) নাইটক্লাব থেকে ১৩০ জনকে গ্রেপ্তার করে র্যাব-১। পরে তারা এদের গুলশান থানায় হস্তান্তর করে।"
গুলশান থানার উপ-পরিদর্শক ইলিয়াস হোসেন জানান, এদের মধ্যে ১২৭ জনকে জরিমানা ধার্য করে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩০ জন নারী বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েক বোতল মদও উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেজর লোকমান হোসেনের নেতৃত্বে বনানীর কামাল আতার্তুক অ্যাভিনিউয়ের অবৈধ কেএন্ডবি ক্লাবে অভিযান চালানো হয়। এসময় ১৮৩ ক্যান বিয়ার এবং ০৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব।
তিনি জানান, ক্লাবটির অন্যতম মালিক আসিফ ইকবালকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন কোরিয়ান নাগরিককে বিয়ে করে লি দা বীন নামে এ ব্যবসা করে আসছিলেন। ইকবাল কোরীয় নাগরিকদের আড়ালে বাংলাদেশীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ করেন র্যাব-১ এর সহকারী পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/এসকে/২১০৫ঘ.
bdnews24