ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দীর্ঘ অসুস্থতার পর বিডিআর'র চট্টগ্রাম সেক্টরের সিগন্যালম্যান সাইফুল ইসলাম বৃহস্পতিবার সকালে মারা গেছেন।
রাতে বিডিআর সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাইফুল ইসলাম (৩৭) বহুদিন ধরে যক্ষা ও এ্যাজমায় ভুগছিলেন। যক্ষার কারণে ২০০২ সালের ২৫ জুলাই বিডিআর হাসপাতাল তাকে 'সি' ক্যাটাগরির অন্তর্ভূক্ত করে।
গত ১২ ফেব্র"য়ারি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম সেক্টরের এমআই-তে ভর্তি করা হয়। সেখানে ২৪ মার্চ পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার সকালে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
২৫ ও ২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের ঘটনার পর থেকে ১৮ জুন পর্যন্ত ২৯ বিডিআর সদস্য মারা গেছেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান বিডিআর'র পরিচালক (অপারেশন) কর্নেল মো. জাহাঙ্গীর কবীর তালুকদার।
তিনি বলেন, এর মধ্যে ঢাকায় ৬ এবং ঢাকার বাইরে ৫ জন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, দীর্ঘ রোগভোগের পর ঢাকায় ৮ এবং ঢাকার বাইরে মারা গেছেন ৪ জন। এছাড়া ঢাকায় ২ এবং ঢাকার বাইরে ৩ জন আত্মহত্যা করেছেন। আর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/০০২০ ঘ.
bdnews24