ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশেষ পরিস্থিতি ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা বিবেচনায় রেখে কয়লা রপ্তানি করা বাস্তবভিত্তিক হবে না বলে বিদেশে অবস্থানরত বাংলাদেশী বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
একই সঙ্গে তারা বলেছেন, দেশের কয়লা সম্পদের উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, দেশীয় পুঁজিবাজার ও সিকিউরিটি বন্ডের মাধ্যমে বিনিয়োগ সংগ্রহ করা যেতে পারে।
কয়লা উত্তোলন বিষয়ে বিদেশে অবস্থানরত বাংলাদেশী বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্রীয় তেল গ্যাস বিষয়ক সংস্থা পেট্রোবাংলা আয়োজিত কর্মশালা শেষে এক প্রেস ব্রিফিং এ এ মতামত তুলে ধরা হয়।
১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত টাঙ্গাইলের 'যমুনা অবকাশ কেন্দ্রে' এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার আলোচনার বিষয়বস্তু তুলে ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভূতত্ত্ববিদ ড. এম খালেকুজ্জামান বলেন, "আমাদের যে পরিমাণ কয়লা সম্পদ আছে এবং যে জ্বালানির চাহিদা রয়েছে সেটিকে বিবেচনায় নিয়ে আমাদের আপাতদৃষ্টিতে মনে হচ্ছে কয়লা রপ্তানি কোনভাবেই বাস্তবসম্মত হবে না। কিন্তু যদি কোনও পরিস্থিতি সৃষ্টি হয় যে কয়লা উদ্বৃত্ত আছে, এ ধরণের বিশেষ অবস্থায় রপ্তানি বিবেচনা করা যেতে পারে।"
খালেকুজ্জামান বলেন, "পরিবেশের ওপর প্রভাব বিবেচনায় রেখে যেভাবে সর্বোচ্চ কয়লা উত্তোলন সম্ভব বলে মনে হবে আমাদের বিশেষজ্ঞদের কাছে খনি খননে সে পদ্ধতিই প্রয়োগ করা হবে। এক্ষেত্রে কোনও ধরনের সুনির্দিষ্ট চুক্তিতে আসা হয়নি যে এটি করা হবে, এটি করা হবে না।"
কয়লা খনির জন্য তারা বিনিয়োগের সম্ভাব্য অনেকগুলো খাত চিহ্নিত করার চেষ্টা করেছেন বলে এ ভূতত্ত্ববিদ জানান। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া পুজিবাজার, উন্নয়ন সহযোগী, ব্যাংক ঋণ, ওয়েলফেয়ার ফান্ড ও সিকিউরিটি বন্ড থেকে বিনিয়োগ আসতে পারে।
তিনি বলেন, দেশে কি পরিমাণ কয়লা আছে তা সঠিকভাবে নিরুপণ করা হয়নি। এ বিষয়ে আরও সমীক্ষা ও গবেষণা করা দরকার।
কয়লা নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে তা উপস্থাপন করা হয়েছিল।
সচিব বলেন, "কোনও নীতির ক্ষেত্রেই তাড়াহুড়া করা যায় না। অবশ্য কয়লা নীতির জন্য আমরা যথেষ্ট সময় নিয়েছি। এ সরকারের দিক থেকে বিবেচনা করলে খুব একটি সময় নেয়নি।"
কয়লা নীতি কবে নাগাদ চূড়ান্ত হবে তা সুনির্দিষ্ট করে বলা যাবে না বলে উল্লেখ করেন তিনি।
পেট্রোবাংলার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোক্তাদীর আলী বলেন, বড়পুকুরিয়ার ২৫০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র চলছে না। যে পরিমাণ কয়লা ব্যবহৃত হওয়ার কথা তা হচ্ছে না। প্রতিদিন ৩/৪ হাজার টন কয়লা জমা হচ্ছে।
তিনি বলেন, এ মুহূর্তে ২ লাখ ৫০ হাজার টন কয়লা মজুদ আছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অতি দ্রুত নাও হতে পারে। এ জন্য ২ লাখ টন রপ্তানির জন্য অনুমতি দেওয়া উচিত। না হলে তা নষ্ট হয়ে যবে।
প্রেস ব্রিফিং এ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। বক্তব্য দেন অস্ট্রেলিয়া প্রবাসী কেমিক্যাল ইঞ্জিনিয়ার খন্দকার এ সালেক, ইঞ্জিনিয়ার মাসুদ হোসাইন, সুলতানা নাসরিন, ফিলিপাইনে অবস্থানরত কেমিক্যাল ইঞ্জিনিয়ার ড. নাফিস আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী ড. সারাওয়াত চৌধুরী ও ড. সৈয়দ সাদ আন্দালিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২৩৪৬ঘ.
bdnews24