ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর জোয়ানদের ওপর পুরোপুরি 'আস্থা না আসায়' ঢাকার বাইরে ৫৪টি ব্যাটালিয়ন এবং সেক্টর হেডকোয়ার্টারের মধ্যে ১৪টিতেই সেনা কর্মকর্তারা রাত কাটাচ্ছেন না।
বৃহস্পতিবার বিকেলে বিডিআর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিং'এ বিডিআরের পরিচালক (অপারেশন) কর্নেল মো. জাহাঙ্গীর কবীর তালুকদার এ কথা বলেন।
তিনি বলেন,"আস্থাটি ঐ পর্যায়ে উঠে আসেনি যে পর্যায়ে আসলে রাতে অফিসাররা থাকতে পারেন। তবে এটা কাটিয়ে উঠতে বেশিদিন সময় লাগবেনা।"
অফিসাররা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস করার পর রাতে জেলা প্রশাসনের কোন রেস্ট হাউসে থাকেন বলে তিনি জানান।
এ ১৪টি ব্যাটালিয়ন এবং সেক্টর হেডকোয়ার্টারের মধ্যে রয়েছে যশোর,খুলনা, সাতক্ষীরা, টেকনাফ, বান্দরবনের বলিপাড়া, নাইক্ষ্যংছড়ি, রাইফেল ট্রেনিং সেন্টার ইনস্টিটিউট বায়তুল ইজ্জত অন্যতম।
কর্নেল মো. জাহাঙ্গীর কবীর বলেন, ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় হত্যাযজ্ঞ এবং ঢাকার বাইরে বিদ্রোহের কারণে বিডিআরের কমান্ড চ্যানেল অনেকাংশে অকার্যকর হয়ে পড়েছিল। তবে বিওপিগুলো (বর্ডার অপারেশন পোস্ট) বিদ্রোহে অংশ না নেওয়ায় সীমান্ত কখনই অরক্ষিত ছিলনা বলে দাবি করেন।
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মায়ানমার কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ প্রসঙ্গে পরিচালক অপারেশন জানান, দেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে মাত্র ২৭১ কিলোমিটার মায়ানমারের সঙ্গে যুক্ত। এই ২৭১ কিলোমিটারের মধ্যে কিছু কিছু জায়গায় মায়ানমার কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে।
কর্নেল মো. জাহাঙ্গীর কবীর জানান, ফুট এবং গজের মধ্যে বিভ্রান্তির কারণে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত চুক্তি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী দুই দেশের সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন নির্মাণ কাজ করা যাবেনা বলে উল্লেখ রয়েছে। কিন্তু মায়ানমারের সঙ্গে চুক্তিতে গজের জায়গায় ফুট হিসাবে উল্লেখ রয়েছে। এটিই হচ্ছে মূল সমস্যা।
বিডিআর এর এ কর্মকর্তা বিষয়টি চিহ্নিত করে সরকারকে জানানো হয়েছে উল্লেখ করেন। তিনি বলেন, উভয় সরকার শীঘ্রই এ বিষয় একটি সমঝোতায় আসতে পারবে বলে আশা করা হচ্ছে। এছাড়া জুলাই মাসের কোন এক সময় মায়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর প্রধানের সঙ্গে বিডিআরের বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, "বৈঠকে অনেক বিষয় সমাধান হবে।"
ভারতের সঙ্গে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে সংবাদ ব্রিফিংয়ে কর্নেল মো. জাহাঙ্গীর কবীর জানান, ১ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত ভারত ১৩টি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। কাজটি চুক্তি অনুযায়ী বৈধ না হওয়ায় বিডিআর আপত্তি জানালে ভারত একটি বাদে সব বেড়া সরিয়ে নেয়।
বিডিআর হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কর্নেল জাহাঙ্গীর জানান, সিআইডি তদন্ত করছে। বিডিআর কর্মকর্তারাও বিভিন্নভাবে বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করেছেন।
বিডিআর সদস্যদের মৃত্যু নিয়ে কথা ওঠার বিষয় তুলে তিনি মন্তব্য করেন, "জন্ম এবং মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া।"
পরিসংখ্যান দিয়ে কর্মকর্তাটি বলেন, ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চাকরিরত অবস্থায় ৩৫২ জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেছেন। গড়ে মাসে দাঁড়ায় আনুমানিক ১০জন করে। এর মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন ২০৭ জন। তিনি জানান, বিদ্রোহের ঘটনার পর গত ২৬ ফেব্র"য়ারি থেকে বৃহস্পতিবার ১৮ জুন পর্যন্ত ২৯ জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে ৫ জন হার্ট অ্যাটাকে মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরে ৪ জন মারা গেছেন। তাছাড়া ঢাকায় ২ জন এবং ঢাকার বাইরে ৩ জন আত্মহত্যা করেছেন। আর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন।
কর্নেল মো. জাহাঙ্গীর বলেন, প্রশ্ন ওঠা মৃত্যুর বিষয়ে সরকার গঠিত তদন্ত কমিটি তাদের কাজ করছে।
বিডিআরের চোরাচালান বিরোধী অভিযান প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত প্রায় ৬০ কোটি টাকা দামের চোরাচালান পণ্য আটক করা হয়েছে। গত বছর একই সময়ে আটক করা হয়েছিল প্রায় সাড়ে ১৫ কোটি টাকা মূল্যের পণ্য। আটক করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, তৈরি পোষাক, গরু, সার, সিগারেট, ফেন্সিডিল,মদ, গাঁজা, হেরোইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৯৪৬ঘ.
bdnews24