যশোর, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরে বিচারক ও সেনা কর্মকর্তার মধ্যে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার নিস্পত্তি হয়েছে।
বুধবার বিকেলে আইনজীবী সমিতি ভবনে উভয়পক্ষ বৈঠকে বসে। সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত, টানা এক ঘণ্টার বৈঠকে সেনা কর্মকর্তা দুঃখ প্রকাশ করলে সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতির অবসান ঘটে।
বৈঠকে উভয়পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার শহরের জামান ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে যশোরের এক স্পেশাল জজ শামছুল আলম খান ও তার গানম্যানের সঙ্গে মেজর রাশেদ মাহমুদের হাতাহাতি হয়।
এই খবর স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। কোনো কোনো স্থানীয় পত্রিকায় ঘটনার ছবিও ছাপানো হয়। পাল্টাপাল্টি মামলার ঘটনাও ঘটে।
ঘটনার প্রতিবাদে আইনজীবীরা সোমবার আদালতে কর্মবিরতি পালন ও মৌন মিছিল করেন। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
বুধবার পরিস্থিতি নিরসনে উভয়পক্ষ বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। বৈঠকে বিচারক পক্ষের জেলা ও দায়রা জজ আজগর আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল বিচারক সায়েদুর রহমান, মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোস্তাফিজুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক এম এ গফুর, সাবেক সভাপতি নজরুল ইসলাম, কেরামত আলী, সাবেক সাধারণ সম্পাদক শরীফ আব্দুর রাকিব, রমজান আলী ও ইউসুফসহ অনেকে অংশ নেন।
অপরপক্ষে ডিজিএফআই'র যশোরের সিও কর্নেল ইসতিয়াক ও দু'জন সেনা কর্মকর্তা বৈঠকে অংশ নেন।
যশোর আইনজীবী সমিতির নেতা ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম জানান, অনাকাঙ্খিত ঘটনার জন্য সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা দুঃখ প্রকাশ করেছেন। বৈঠকে দু'টি মামলা আইনি প্রক্রিয়ায় নিস্পত্তিরও সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/ডিডি/০০১০ ঘ.
bdnews24