ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লবীর এমডিসি মডেল হাই স্কুলের ছাত্র শেখ আজমাইল হোসেন আলভীকে হত্যার দায়ে বুধবার তিন তরুণের যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়েছে আদালত।
রায় দেওয়ার সময় কারাগার থেকে যাবজ্জীবন দণ্ডিত মো. আরমান (১৯), মো. নোমান পারভেজ (১৬), মো. আবুল আলা সাঈদী (১৬) এবং খালাসপ্রাপ্ত মো. মাসুম (১৯) হক আদালতে হাজির করা হয়। দণ্ডিতদের সবার বাড়িই পল্লবী এলাকায়।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এ রায় দিয়েছেন।
রায়ের বিবরণে জানা যায়, ১০ বছরের শিশু আলভী পল্লবীর একটি স্কুলে ৪র্থ শ্রেণীতে পড়তো। তার বাবা আজাদ হোসেন ছিলেন একজন ক্ষুদে ব্যবসায়ী।
আলভীর বাবার সঙ্গে আরমানের বাবা মো. হারুনের ঝগড়া হয়েছিল। এই ঝগড়ার জের ধরে আরমান তার বন্ধুদের নিয়ে আলভীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই মারতো। তাছাড়া আরমান আলভীর বাবাকে মোবাইল ফোনে হুমকি দিত।
গত ২০০৫ সালের ৩০ আগস্ট দণ্ডিতরা পূর্বপরিকল্পিতভাবে আলভীকে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ পল্লবী কালাপানি এলাকার বঙ্গবন্ধু কলেজের পেছনে ঝিলের পানির মধ্যে ফলে দেয়।
এর আগেও তারা আলভীকে চকোলেটের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করে।
২০০৫ সালের ৪ সেপ্টেম্বর পল্লবী থানায় মামলা হওয়ার পর পরের বছর ২ জুন অভিযোগপত্র দাখিল করা হয়। দণ্ডিত আরমান ও নোমান পারভেজ স্থানীয় সন্ত্রাসী হিসাবে পরিচিত ছিল। তারা আদালতে হত্যার ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
রায়ে দন্ডিতদেরকে বিভিন্ন পরিমাণে জরিমানাও করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24