ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখ এলাকায় জলবিদ্যুৎ প্রকল্প দেখতে এ মাসেই যাচ্ছে সংসদীয় প্রতিনিধি দল।
ওই দলে পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন থাকছেন না। থাকছে না প্রধান বিরোধী দল বিএনপির কোনও সাংসদও।
মঙ্গলবার পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় টিপাইমুখে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়।
পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বুধবার সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি প্রতিনিধি দলে থাকছেন না।
মন্ত্রী বলেন, "প্রতিনিধি দলে শুধু পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যরাই থাকবেন। ওই কমিটিতে চারদলীয় জোটের পক্ষে বিএনপির কোনও প্রতিনিধি নেই। তাদের একমাত্র প্রতিনিধি হলেন জামায়াতে ইসলামীর এএইচএম হামিদুর রহমান আযাদ। তাই বিএনপির কোনও সাংসদ প্রতিনিধি দলে থাকছেন না।"
রমেশ চন্দ্র জানান, ১০ সদস্যের সম্ভাব্য ওই প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবেক পানি সম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাক। এতে দুই জন বিশেষজ্ঞ থাকবেন। তারা এ মাসেই টিপাইমুখে যাবেন। তবে দিন-ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
মন্ত্রী বলেন, "প্রতিনিধি দলের দিন-ক্ষণ ও যাত্রাপথ ভারতের সঙ্গে আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত করবে। তবে সড়কপথে সিলেটের অমলসিদ এলাকা দিয়ে বাংলাদেশ প্রতিনিধি দলের সম্ভাব্য এ সফরসূচি চার থেকে ছয় দিনের হতে পারে।"
দলের সম্ভাব্য সদস্যদের মধ্যে যে সব সাংসদ থাকতে পারেন, তারা হলেন
bdnews24