২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে 'যৌতুক'র বলি দু'জন, দুই লাশ উদ্ধার

'যৌতুক'র দাবিতে রাজধানীর কদমতলী থানা এলাকায় দুই গৃহবধুকে হত্যার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কলেজ ছাত্রসহ দু'জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'যৌতুক'র দাবিতে রাজধানীর কদমতলী থানা এলাকায় দুই গৃহবধুকে হত্যার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কলেজ ছাত্রসহ দু'জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া একটায় কদমতলী থানার মুরাদপুর হাইস্কুল রোডের ২৫৪ নম্বর টিনশেড বাসার একটি কক্ষ থেকে শাহিনুর আক্তার (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় ওড়না পেঁচানো ছিল। কদমতলী থানার উপ-পরিদর্শক সাকের মোঃ জুবায়ের বলেন, "শাহিনুরের স্বামী পিতল কারখানার কর্মচারী ইউনুস মিয়া বেশ কিছুদিন ধরে 'যৌতুক' দাবি করে আসছিলেন।" নিহতের পিতা লাল মিয়া এই তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলেন, এই 'যৌতুক'র দাবি পূরণ না করায় তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি (লাল মিয়া) অভিযোগ করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অন্যত্র বসবাসরত নিহতের শাশুড়ি কোহিনুর ও দেবর মো. আলীকে আটক করেছে। এদিকে কেরানীগঞ্জের লুৎফুন গ্রামের একটি ক্ষেত থেকে অর্ধদগ্ধ অবস্থায় পারুল (৩২) নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহতের মা করিমন নেসা বলেন, "বারো বছর আগে একই গ্রামের দ্বীন ইসলামের সঙ্গে পারুলের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান রয়েছে। কিছুদিন আগে দ্বীন ইসলাম ১০ হাজার টাকা 'যৌতুক' দাবি করেন। তা না দেয়ায় পারুলকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।" পুলিশ ওই দুই মহিলার স্বামীদের কাউকে গ্রেফতার করতে পারেনি। অপরদিকে ডেমরা থানার মুসলিমনগর সাদ্দাম মার্কেটের পেছনে নিমার্ণাধীন একটি ভবন থেকে আমজাদ হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই ইমরান হোসেন জানান, সোমবার বিকালে রামপুরায় যাওয়ার কথা বলে আমজাদ তাদের কদমতলীর বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকেই আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেদিন রাত আটটায় তারা কদমতলী থানায় একটি সাধারণ ডায়রি করেন বলে জানিয়ে তিনি বলেন, "এর কিছুক্ষণ পরই ডেমরায় একটি মৃতদেহ উদ্ধারের কথা শুনে সেখানে গিয়ে আমি ভাইকে সনাক্ত করি।" তিনি অভিযোগ করেন, "আমজাদের অনিক নামের এক বন্ধু কিছুদিন আগে সিলেটে বেড়াতে গিয়ে তাকে পাহাড় থেকে ফেলে দেয়ার চেষ্টা করে। আমাদের সন্দেহ অনিকই তাকে হত্যা করেছে।" তিনি অনিক ও অজ্ঞাত পরিচয়ের ৪/৫জনকে আসামি করে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। আমজাদ শনির আখড়া বর্ণমালা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। এছাড়া সোমবার রাতে ঢাকা-ডেমরা মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। তার পরনে চেক লুঙ্গি ও চেক শার্ট রয়েছে। তার বাম হাত ভাঙ্গা, পায়ের গোড়ালি কাটা ও বুকে জখমের চিহ্ন ছিল। ডেমরা থানার উপ-পরিদর্শক এনামুল বলেন, "আমরা ধারণা করছি রাতে রাস্তা পার হওয়ার সময় কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন।" এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/টিআর/২২৪৯ ঘ.