গাজীপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গী মিল গেট এলাকার একটি ব্লেড কারখানায় সোমবার রাতে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহতরা হলেন- শহীদুল ইসলাম (২৭), সঞ্জয় দত্ত (২৫) ও দেলোয়ার হোসেন (২৬)। শহীদুল বগুড়ার সোনাতলা উপজেলার ঘর চত্রাইপুর গ্রামের চান মিয়ার ছেলে। সঞ্চয় বাগেরহাটের মংলা উপজেলার হলদেব মিয়া এলাকার সুনীল করের ছেলে। দেলোয়ার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকার হাতেম শেখের ছেলে।
এদের মধ্যে সঞ্চয় ও দেলোয়ার সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শহীদুলের লাশ দমকলকর্মীরা মঙ্গলবার সকালে কারখানার ফার্নেস বিভাগ থেকে উদ্ধার করে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং টঙ্গী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
বিদ্যুৎ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের কারখানাটির মহাব্যবস্থাপক নিখিল চন্দ্র সূত্রধর সাংবাদিকদের বলেন, "রাত সাড়ে ১২টার দিকে কারখানার নীচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তা থেকে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন কারখানার দ্বিতীয় তলার ভাণ্ডারকক্ষসহ সব ইউনিটে ছড়িয়ে পড়ে।"
আগুনে কারখানার কাঁচামাল, উৎপাদিত পণ্য এবং অন্যান্য যন্ত্রপাতি পুড়ে ১০ কোটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
নিখিল জানান, শহিদুল ঘটনাস্থলেই এবং দেলোয়ার ও সঞ্জয় হাসপাতালে মারা যান। শহিদুল ওই কারখানার শিফট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে একে একে গাজীপুর, তেজগাঁও, কুর্মিটোলাসহ আরও পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। সারারাত চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
বিদ্যুৎ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর প্রসন্না উত্তা জানান, অগ্নিকাণ্ডে ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বিদ্যুৎ, বিদ্যুৎ ডলার, সুপার প্লাটিনাম, জরিক সুপার ও বিদ্যুৎ সেফটি রেজর তৈরি হয়। এর মধ্যে বিদ্যুৎ ও বিদ্যুৎ সুপার দেশীয় বাজারে এবং সুপার প্লাটিনাম ও জরিক সুপার দেশের বাইরে রপ্তানি হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় কারখানায় উৎপাদন চলছিল। তিন শিফটে চলা এ কারখানায় তখন ৩০ জন শ্রমিক কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকালে স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌর মেয়র আজমত উল্ল্যা খান ও পুলিশ সুপারিনটেনডেন্ট নুরুজ্জামান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/২১২২ ঘ.
bdnews24