চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছর বয়সী মামাতো বোনকে হত্যার দায়ে মঙ্গলবার চট্টগ্রামের একটি আদালত এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে।
ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন বিচারক।
মহানগর আদালতের চতুর্থ অতিরিক্ত দায়রা জজ ইনামুল হক ভূঁইয়া দুপুরে এ রায় দেন। একই সঙ্গে বিচারক আসামির এক হাজার টাকাও জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহ চট্টগাম কারাগারে আটক রয়েছে। তার বাড়ি বাগেরহাট জেলার শরণখোলায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুম ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর তার মামাতো বোন ইমুকে ঘুমন্ত অবস্থায় শিলপাটার শিল দিয়ে আঘাত করে। এতে তার মৃত্যু ঘটে।
তিনি জানান, মাসুমও তার দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তথ্য-প্রমাণ বিচার-বিশ্লেষণ করে তাকে এই দণ্ড দেওয়া হয়।
মামলার এজাহার বলা হয়, নগরীর পতেঙ্গা এলাকার গার্মেন্টস কর্মী দেলোয়ার হোসেন তার ভাগিনা মাসুমকে সিগারেট খাওয়ার জন্য গালমন্দ করেন। এর জের ধরে ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর সকালে মামার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মামি খাদিজা বেগম ও পাঁচ বছরের মেয়ে ফারজানা আক্তার ইমুর মথায় শিলপাটার শিল দিয়ে আঘাত করে মাসুম।
এ ঘটনায় দেলোয়ার বাদি হয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর কয়েকদিন পর চট্টগ্রাম থেকেই আটক করা হয় মাসুমকে।
আবু জাফর জানান, ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন। ২০০৬ সালের ৭ জুন মামলার অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/টিআর/২০৪৭ ঘ.
bdnews24