২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইনের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে যুব দল

২৪ ঘন্টার মধ্যে সদ্য বিদায়ী সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের গ্রেপ্তার দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দল। সোমবার জেনারেল মইনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ ঘন্টার মধ্যে সদ্য বিদায়ী সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের গ্রেপ্তার দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দল। সোমবার জেনারেল মইনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ''আগামী ২৪ ঘন্টার মধ্যে জেনারেল মইনকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করেছে। দেশকে বিরাজনীতিকরণ করে অকার্যকর ও দুর্বল রাষ্ট্র করার ষড়যন্ত্র করেছে।'' বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ হয়। এরপর যুবদলের নেতাকর্মীরা মইনের প্রতিকৃতিকে জুতা ও ঝাড়ুপেটা করে তাদের প্রতিবাদের কথা জানায়। যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন আহমদ খোকন, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, মহানগর দক্ষিণ সভাপতি রফিকুল আলম মজনু, যুবদলের কেন্দ্রীয় নেতা বেলাল আহমদ, সুত্রাপুর থানা সভাপতি শরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, '' জেনারেল মইন রাজনীতিবিদদের নামে মিথ্যা অপপ্রচার করেছে। দুর্নীতির কথা বলে দেশে সস্ত্রাস ও দুর্নীতি কায়েম করেছে। তাকে গ্রেফতার করে বর্তমান সরকারের প্রমাণ করার সময় এসেছে যে, ১/১১ ঘটনাবলীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না।'' একই সঙ্গে তিনি মইনের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়েরও অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২০ ঘ.