সুনামগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনে মহাজোট প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান বিজয়ী হয়েছেন। ১০৫টি ভোটকেন্দ্রের সবকটিতে মতিউর (নৌকা প্রতীক) পেয়েছেন ৮১ হাজার ৩২ ভোট। সোমবার রাত পৌনে ১০টায় রিটার্নিং কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান ভোটের ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, চারদলীয় জোটের প্রার্থী বিএনপির সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া (ধানের শীষ) পেয়েছেন ৪৭ হাজার ২১৯ ভোট। অপর প্রাথী ন্যাশনাল পিপলস পার্টির কৃষক মো. সাদেক (আম) পেয়েছেন ৮৬০ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৮৩৫ জন।
গত ১৭ এপ্রিল মহাজোটের সাংসদ জাতীয় পার্টির নেত্রী মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে। তবে ভোট গ্রহণের সময় অনিয়মের অভিযোগে দুপুরে জেলা শহরের পিটিআই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টার দিকে একজন ভোটার আবুল খায়েরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে এর সত্যতা পাওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে অন্য একজনকে সেখানে দায়িত্ব দেওয়া হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24