নাটোর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের সিংড়া উপজেলার তিন হাজার গ্রাহক রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিদ্যুৎ পাননি।
অভিযোগ পাওয়া গেছে, কাটাপুকুরিয়া এলাকার ৬০ জন গ্রাহকের চাপে পুরো উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
বিদ্যুৎ বঞ্চিত গ্রাহকরা রাতভর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
সিংড়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের পাড়া কাটাপুকুরিয়া এলাকায় ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় পুরো সিংড়া উপজেলাবাসীকে এ দুর্ভোগ পোহাতে হয়।
বিদ্যৎ গ্রাহক ব্যবসায়ী ফেরদৌস হোসেন জানান, উপজেলা চেয়ারম্যানের পরিবারের সদস্যদের চাপের মুখে মাত্র ৬০ জন গ্রাহককে খুশি রাখতে কর্তৃপক্ষ তিন হাজার গ্রাহককে বিদ্যুৎ বঞ্চিত রাখেন।
এ ব্যাপারে সিংড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মাশফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাটি গভীর রাতে হওয়ায় ওই মহল্লায় নতুন ট্রান্সফরমার দেওয়া সম্ভব হয়নি। লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠায় তিনি অন্য গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করতে পারেননি।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে চেয়ারম্যানের ভাইয়ের চাপ প্রয়োগের ব্যাপারে তিনি জানান, অন্ধকারে বহু লোক জড়ো হয়েছিল। সেখানে চেয়ারম্যানের ভাই মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন কি না তা তার জানা নেই।
বিদ্যুত কর্মীদের অন্যত্র বিদ্যুৎ সরবরাহে বাধা দেওয়ার ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তিনি এ ব্যাপারে কোন হস্তক্ষেপ করেননি। তার পরিবারের অন্য কেউ এ ব্যাপারে ভূমিকা রেখেছে কি না তা তার জানা নেই।
সিংড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা জানান, রোববার রাত ১২টায় সিংড়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের পাড়া কাটাপুকুরিয়ার বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। খবর পেয়ে বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারটি মেরামত করতে ব্যর্থ হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের বড় ভাই মাহবুবুর রহমানসহ মহল্লার লোকজন বিদ্যুৎ কর্মীদের ওই রাতেই ট্রান্সফরমার পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার লাগানোর জন্য চাপাচাপি শুরু করেন।
তাৎক্ষণিক মওজুদ না থাকায় বিদ্যুৎ কর্মীরা অপারগতা জানায়। তখন স্থানীয় প্রায় ৬০ জন গ্রাহক বিদ্যুৎ কর্মীদের হুঁশিয়ার করে দেন, ওই পাড়ায় বিদ্যুৎ সরবরাহ না করা পর্যন্ত সিংড়ার কোথাও বিদ্যুৎ সরবরাহ করা যাবে না।
তাদের চাপের মুখে বিদ্যুৎ কর্মীরা সিংড়া ফিডারের আওতাধীন তিন হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হন। এ অবস্থা চলে সকাল ৮টা পর্যন্ত।
এ ঘটনায় হাজার হাজার গ্রাহক বিক্ষোভে ফেটে পড়েন। তারা সিংড়া বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন।
সোমবার সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ঘটনার নিন্দা জানান সিংড়া পৌরসভার মেয়র শামীম আল রাজী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি। সভার সভাপতি জেলা প্রশাসক মজিবর রহমান ঘটনাটি অনুসন্ধান করে দেখার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24