মাগুরা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় অপহরণ এবং হত্যার অভিযোগে সোমবার মাগুরায় একজনের নাম উল্লেখসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
মাগুরার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন সদর উপজেলার বড়শলই গ্রামের শামছুল হক।
হাকিম জালাল উদ্দিন অভিযোগটি এজাহার হিসাবে নথিভুক্ত করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় মুক্তিযুদ্ধের সময় শালিখা উপজেলার রাজাকার বাহিনীর কমান্ডার ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লতিফ মোল্যার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
শামছুল হক অভিযোগ করেন, ১৯৭১ সালের ২৫ নভেম্বর ভোর ৬টায় লতিফ মোল্যার নেতৃত্বে রাজাকার বাহিনীর আরও ১০ সদস্য তার ভাই মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিনসহ চারজনকে অপহরণ করে। এরপর তাদেরকে শহরের পারনান্দুয়ালী এলাকায় নিয়ে গুলি করে নবগঙ্গা নদীতে ফেলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24