২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় নিলেন মইন উ আহমেদ

চার বছর দায়িত্ব পালনের পর সেনাপ্রধানের পদ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মইন উ আহমেদ। দেশের ইতিহাসে ঘটনাবহুল ২০০৭ ও ২০০৮ সালে সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি। রোববার কার্যত শেষ দিনের মতো অফিস করেন জেনারেল মইন। সোমবার ছিল উত্তরসূরি আব্দুল মুবীনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 06:44 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছর দায়িত্ব পালনের পর সেনাপ্রধানের পদ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মইন উ আহমেদ। দেশের ইতিহাসে ঘটনাবহুল ২০০৭ ও ২০০৮ সালে সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি। রোববার কার্যত শেষ দিনের মতো অফিস করেন জেনারেল মইন। সোমবার ছিল উত্তরসূরি আব্দুল মুবীনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পালা। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গঠিত নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পেছনে সেনাবাহিনী তথা জেনারেল মইনের জোরালো নেপথ্য ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। ওই সময়ে জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তার বক্তব্য ও ভূমিকা নিয়ে বিতর্ক আছে। বেসরকারি টিভি চ্যানেলগুলোর খবরে বলা হয়, সোমবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অণির্বানে ফুল দেন মইন উ আহমেদ। ওই সময় সেনাবাহিনীর একটি দল বিদায়ী প্রধানকে গার্ড অফ অনার দেয়। এরপর তিনি সেনা সদরে জেনারেল মুবীনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। মইন উ আহমেদকে ২০০৫ সালের ১৫ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সালের ৬ এপ্রিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তার চাকরির মেয়াদ এক বছর বাড়ায়, যা গত বছরের ১৫ জুন থেকে কার্যকর হয়। এর আগে ২০০৭ সালের ২৪ মে মইন জেনারেল পদে পদোন্নতি পান। রোববার বিকেলে বিদায়ী সেনাপ্রধান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে দেখা করেন। মইন উ আহমেদ বঙ্গভবনে সাংবাদিকদের বলেন, "নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশসেবায় আমার সর্বোচ্চটি দিতে চেষ্টা করেছি। এখন কাজের মূল্যায়নের ভার দেশের মানুষের ওপর।" অবসরে যাওয়ার পর কীভাবে সময় কাটাবেন- জানতে চাওয়া হলে চাকরি করার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, "ভবিষ্যতে আমি আরেকটি চাকরি করবো, এটি নিশ্চিত। তবে কী করবো সে ব্যাপারে এখনো আমি কোনও সিদ্ধান্ত নিইনি।" এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মইন উ আহমেদ। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মুবীনকে গত ৭ জুন সরকার নতুন সেনাপ্রধান নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। আব্দুল মুবীন যশোর এবং চট্টগ্রামের জিওসি ছিলেন। পরে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার নিয়োগ করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন লে. জেনারেল মুবীন। তিনি ১৯৭৬ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১২৪৭ ঘ.