২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নওগাঁয় আদিবাসীদের মানববন্ধন-সমাবেশ

নওগাঁর পোরশা উপজেলার সোনাডাঙ্গায় আদিবাসী বসতিতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রোববার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আদিবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

নওগাঁ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর পোরশা উপজেলার সোনাডাঙ্গায় আদিবাসী বসতিতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রোববার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আদিবাসীরা। শুক্রবার বিকেলে আদিবাসী পাড়ায় হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর এবং ৭৭টি বাড়িতে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। ক্ষতিগ্রস্ত আদিবাসীরা বর্তমানে খোলা আকাশের নিচে দুর্দশার মধ্যে রয়েছেন। আদিবাসীরা অভিযোগ করেছেন, তাদের উচ্ছেদের জন্য নূরুল হোসেন মাস্টার তার লাঠিয়াল বাহিনী দিয়ে এ হামলা চালিয়েছে। অভিযুক্ত নূরুল হোসেন মাস্টারসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আদিবাসী রক্ষা কমিটি রোববার সকাল ১১টায় উপজেলার সরাইগাছী মোড়ে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন শেষে কমিটি সরাইগাছী বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। আদিবাসী রক্ষা কমিটির নেতা করনে লিউসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন - এসসি আলবার্ট সরেন, প্রানো বর্মণ, মতিলাল চপ্পো, জহর লাল চপ্পো, দেবলিবালা প্রমুখ। আদিবাসী নেতারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ভূমিদস্যু নূরুল হোসেন মাস্টারকে গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তারা ঘোষণা দেন। এদিকে আদিবসীদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনে ৩১ জনকে আসামি করে রোববার নূরুল হোসেন মাস্টারের ছেলে মঞ্জুরুল একটি মামলা করেছেন বলে পোরশা থানার উপ-পরিদর্শক পবিত্র কুমার জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.