২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে হত্যা লুটপাটের অভিযোগে মাগুরায় নয়জনের বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মাগুরায় নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার মাগুরার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন সদর উপজেলার কাটাখালী গ্রামের বিমল চন্দ্র বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

মাগুরা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মাগুরায় নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার মাগুরার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন সদর উপজেলার কাটাখালী গ্রামের বিমল চন্দ্র বিশ্বাস। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আসামিরা হলেন- মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার বাহিনীর কমান্ডার সদর উপজেলার ইসলামপুর পাড়ার কবির হোসেন (৬০), মাঝগ্রাম গোয়ালখালীর আব্দুল বারী বিশ্বাস (৮০), শ্রীরামপুর গ্রামের মছিউর আলম হাসনু (৬২), সাঝিরকান্দি গ্রামের হাফেজ সোলাইমান (৬৪), বলেশ্বরপুর গ্রামের আলী আজগর মোল্লা (৬০), মাগুরা শহরের তাঁতিপাড়ার মাওলানা মাহবুবুর রহমান (৬০), থানাপাড়ার মীর মনসুর আলী (৭৫), ভায়না এলাকার মুন্সী মনিরুল হক (৬০) ও কাউন্সিল পাড়ার সাবুর আলী (৭০)। বিমল চন্দ্র অভিযোগ করেন, ১৯৭১ সালের ২৫ জুন দুপুর ১২টার দিকে কমান্ডার কবীর হোসেনের নেতৃত্বে একদল রাজাকার তার মামাতো ভাই মধুসূদন বিশ্বাসকে নিজের বাড়িতে গুলি করে হত্যা করে। পরে তারা তার বাড়িতে লুটপাট করে আগুন লাগিয়ে দেয়। একইভাবে আসামিরা ওই বছর ১০ জুলাই বিকেলে শহরের পারনান্দুয়ালীর কৃতি ফুটবলার লুৎফর রহমান লুতু, ইসলামপুর পাড়ার আমিনুল ইসলাম মিন্টু ও মীর পাড়ার হাদেক মীরকে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর এসব বাড়িতে তারা লুটপাট ও অগ্নিসংযোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৫ ঘ.