ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে শান্তি স্থাপনে সার্ক কার্যকর একটি সংস্থা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সার্কের বর্তমান অগ্রযাত্রায় হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, অন্য আঞ্চলিক সংস্থাগুলো অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু সার্ক দক্ষিণ এশিয়ার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। তাই সম্মিলিত উদ্যোগে সার্ককে কার্যকর করতে হবে।
রোববার হোটেল শেরাটনে 'কারেন্ট গুড মেনুফ্যাকচারিং প্র্যাকটিসেস ইন ফার্মাসিউটিক্যাল সেক্টর, রেডিয়েশন প্রসেসিং, ইনসেক্ট রেজিস্টেন্ট ক্রপ ভ্যারাইটি ফর সাসটেইনেবল এগ্রিকালচার' শীর্ষক দুই দিন ব্যাপী সার্ক সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, "সার্কের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের মধ্যে সংহতি সৃষ্টি করতে হবে। অগ্রাধিকার নির্ধারণ করে নিবিড়ভাবে কাজ করতে হবে। একটি স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গঠনে বাংলাদেশ সব সময় তার ইতিবাচক ভূমিকা পালনে বদ্ধপরিকর। দক্ষিণ এশিয়ার শান্তি স্থাপনে সার্ক একটি কার্যকর এজেন্সি হিসেবে তার দায়িত্ব পালন করুক, এটা আমার প্রত্যাশা।"
সার্কের গতিশীলতা নিয়ে হতাশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, "প্রকৃত সত্য হচ্ছে, আমাদের প্রত্যাশা অনুযায়ী দক্ষিণ এশিয়ার অগ্রগতি হচ্ছে না। আসিয়ান, নাফটা এবং অন্যান্য আঞ্চলিক সংস্থাগুলো অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরকেও এ অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।"
প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক শাসনের কথা উল্লেখ করে বলেন, "আমাদের এ অঞ্চলে আজ গণতন্ত্রের সুবাতাস বইছে। সার্কভুক্ত দেশের প্রায় ১৪০ কোটি মানুষের জীবন মান নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রাকৃতিক ও মানব সম্পদকে সমৃদ্ধ ও অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে আমাদেরকে দ্রুত বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে হবে।"
প্রধানমন্ত্রী দেশের আর্থ-সমাজিক উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেন।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে 'ডিজিটাল বাংলাদেশে' রূপান্তরিত করার আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, "বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাকে উৎসাহিত করতে সরকার গবেষণা প্রতিষ্ঠানে অনুদান দিচ্ছে। বিজ্ঞানীদের জন্য বিশেষ ফেলোশিপের ব্যবস্থা করা হয়েছে।"
প্রধানমন্ত্রী ওষুধ শিল্প ও কৃষি খাতে উন্নয়ন বিকাশের দিকগুলো তুলে ধরেন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পরমাণু শক্তি গবেষণা এবং এর শান্তিপূর্ণ ব্যবহারের সম্ভাবনার দিক তুলে ধরে তিনি বলেন, "বিদ্যুৎ উৎপাদন, খাদ্য ও ওষুধ শিল্প, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অন্যান্য ক্ষেত্রে পরামাণু শক্তি কার্যকর ভূমিকা পালন করে থাকে। বিশ্বে বিদ্যুৎ সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার পাশাপাশি আমাদেরকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনে মনোযোগী হতে হবে।"
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এএম/এমআই/১২৫৫ ঘ.
bdnews24