ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন সেটের ওপর শুল্ক কমানোর দাবি জানিয়েছে মোবাইল ফোন আমদানিকারক সমিতি।
রোববার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
আমদানিকারকরা বলছে, প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের ওপর শুল্ক আরোপের যে প্রস্তাব করা হয়েছে, তাতে সরকারের রাজস্ব আয় কমে যাবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আলিম বলেন, "অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেটের ওপর শতকরা ২৫ ভাগ শুল্ক ও ট্রেড ভ্যাট শতকরা ৩ দশমিক ১৬ ভাগ আরোপ করা হয়েছে। এটা বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব আয় কমে যাবে।"
তিনি জানান, বর্তমান অর্থবছরে মোবাইল ফোন সেটের শুল্ক খাতে ২২৫ কোটি টাকা রাজম্ব আয় হয়েছে।
বর্তমানে যে কোনও ধরনের মোবাইল ফোন সেটের জন্য ৩০০ টাকা হারে সুনির্দিষ্ট শুল্ক (স্পেসিফিক রেট অব উিউটি) দিতে হয়। কিন্ত আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই শুল্ক হার পরিবর্তন করে প্রতিটি মোবাইল ফোন সেটের মূল্যের ওপর ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
এ প্রস্তাবকে 'অযৌক্তিক ও অবাস্তব' বলে আখ্যায়িত করেছে আমদানিকারকরা। তারা মোবাইল ফোন সেটের ওপর নির্দিষ্ট শুল্ক রেখে তা ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করার দাবি জানিয়েছে।
সমিতির সভাপতি এন এস এম ফারুক বলেন, "মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দেশে দিন দিন বাড়ছে। এ অবস্থায় সেটের ওপর শুল্ক বাড়লে দাম বাড়বে। তাতে মোবাইল ফোন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সমিতির পরিচালক দীলিপ রোজারিও, রাকিবুল কবীর ও আবু আলী খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪১৪ ঘ.
bdnews24