ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিবন্ধনের (রেজিস্ট্রেশন) ক্ষেত্রে উৎসে করের হার কমছে।
এক্ষেত্রে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য করের হার ২ শতাংশ ও অন্যান্য এলাকার জন্য ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ প্রস্তাব রাখেন।
সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, "জমির মূল্য বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে জমি বিক্রির ক্ষেত্রে উদ্ভূত মূলধনী মুনাফার ওপর বিদ্যমান উৎসে কর কর্তনের হার এ বছরের ১ সেপ্টেম্বর থেকে সিটি কর্পোরেশন, পৗরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ এবং অন্যান্য এলাকার জন্য যেসব অ-কৃষি জমির মূল্য এক লাখ টাকার বেশি সেক্ষেত্রে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/০০১০ ঘ.
bdnews24