ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ সালের বাজেটে কৃষিঋণ বাড়ানোর পাশাপাশি মৎস্য ও পশুসম্পদ খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় কৃষকের কাছে কীটনাশক সহজলভ্য করার লক্ষ্যে কীটনাশকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ভ্যাট মওকুফের প্রস্তাবও করেছেন তিনি। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ার কথা উল্লেখ করে বাজেটে সারে ভর্তুকি কমানোর প্রস্তাব করেছেন মুহিত।
কৃষিঋণ বাড়ানো প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "আগামী অর্থবছরে আমরা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বর্তমান ৯,৩৭৯ কোটি টাকা থেকে প্রায় ৬২১ কোটি টাকা বাড়িয়ে ১০ হাজার কোটি টাকায় উন্নীত করব এবং পার্বত্য জেলাসমূহে বিশেষ রেয়াতি হারে ঋণ প্রদান কার্যক্রম অব্যাহত রাখব।"
অর্থমন্ত্রী বলেন, "কৃষিনির্ভর আমাদের অর্থনীতি। তাই আমরা প্রস্তাবিত বাজেটে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।"
"আমাদের অর্থনীতিতে কৃষিখাতের বর্তমান অবদান মোট দেশজ উৎপাদনের ২২ শতাংশ। আমাদের শ্রমশক্তির ৪৮ শতাংশ কৃষিখাতে নিয়োজিত", বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তার জন্য ২০০৮-০৯ অর্থবছরের মূল বাজেটে সার ও অন্যান্য কৃষি কার্যক্রমের জন্য ভর্তুকি বাবদ ৪,২৮৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।
"আন্তর্জাতিক বাজারে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষক পর্যায়ে সহনীয় মূল্যে সার পৌঁছানোর জন্য সংশোধিত বাজেটে ভর্তুকি বাবদ বরাদ্দ ১,৫০০ কোটি টাকা বাড়িয়ে ৫,৭৮৫ কোটি টাকায় নির্ধারণ করা হয়।
"বর্তমানে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য গড়ে প্রায় তিন ভাগের এক ভাগে এসে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে ২০০৯-১০ অর্থবছরের বাজেটে ভর্তুকি বাবদ ৩,৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।"
অর্থমন্ত্রী বলেন, "দেশজ খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছি। এগুলো হল
bdnews24