ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্য এবং এক বনদস্যুকে। বৃহস্পতিবার এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রাম থেকে পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো খবর:
বাগেরহাট: বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার ফকিরহাট উপজেলা বাসষ্ট্যান্ড ও বাগেরহাট সদর উপজেলার ডেমা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার কাটাখালী গ্রামের বজলু গাজীর ছেলে বাবুল গাজী (৩৭) এবং মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের সাত্তার ফকিরের ছেলে কবীর ফকির (৩৫)।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির জানান, বাগেরহাট সদর এবং মোল্লাহাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বনদস্যু বাবুল গাজী ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্য কবীর ফকিরকে গ্রেপ্তার করে।
বাবুলের বিরুদ্ধে সুন্দরবনে দস্যুতা এবং কবীরের বিরুদ্ধে বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায় হত্যা ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয় আব্দুল লতিফকে (৩৫)। তিনি একই উপজেলার মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর জামাদারপাড়ার ইদ্রিস আলীর ছেলে।
শিবগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে দাদনচক গ্রামের এইচ এম উচ্চ বিদ্যালয় সংলগ্ন নির্মানধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র বিক্রেতা লতিফকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি।
পরে লতিফকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24