২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় প্রতিপক্ষের কুড়ালের আঘাতে একজন নিহত, গ্রেপ্তার ৫

জমি নিয়ে বিরোধে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গোবিন্দরায় দেবত্তর গ্রামে বৃহস্পতিবার প্রতিপক্ষের কুড়ালের আঘাতে দুদু মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

গাইবান্ধা, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গোবিন্দরায় দেবত্তর গ্রামে বৃহস্পতিবার প্রতিপক্ষের কুড়ালের আঘাতে দুদু মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- আব্দুল জলিল, তার স্ত্রী মায়া বেগম, মা জরিনা বেওয়া, মেয়ে জেলি খাতুন ও মেয়ে জামাই সুমন মিয়া। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত ঘোষ। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুদু মিয়ার সঙ্গে একই গ্রামের জলিলের ঝগড়া বাধে। এ পর্যায়ে জলিল ও তার লোকজন কুড়াল দিয়ে আঘাত করলে দুদু মারা যান। আহত হয় তার স্ত্রী রাহেলা খাতুন (৩২) ও মেয়ে বিউটি বেগম (১২)। তাদের পলাশবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৭ ঘ.