নরসিংদী, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ভিটামিন এ ক্যাপসুল এবং ক্রিমিনাশক টেবলেট খেয়ে অসুস্থ এক শিশু বুধবার মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে সিভিল সার্জন বলেছেন শিশুটি নিউমোনিয়ায় মারা গেছে।
নিহত সানিয়াকে (২) বুধবার সকালে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সানিয়া শিবপুর উপজেলার চাঁন পাশা গ্রামের ফজলুল হকের মেয়ে।
ফজলুল হক জানান, গত ৬ জুন সানিয়াকে ভিটামিন এ ক্যাপসুল এবং ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর থেকে তার পাতলা পায়খানা ও বমি শুরু হয়। অবস্থা খারাপ হলে বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. পুলিন কুমার সিংহ জানান, সানিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24