২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ যন্ত্র চালানোর চিন্তাভাবনা

হাওর ও উপকূল অঞ্চলে সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ যন্ত্র চালানো যায় কিনা তা নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী। মঙ্গলবার ইডকল ও ইউএস এনার্জি এসোসিয়েশন আয়োজিত 'ক্লিন এনার্জি অ্যপ্লিকেশন' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাওর ও উপকূল অঞ্চলে সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ যন্ত্র চালানো যায় কিনা তা নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী। মঙ্গলবার ইডকল ও ইউএস এনার্জি এসোসিয়েশন আয়োজিত 'ক্লিন এনার্জি অ্যপ্লিকেশন' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "সেচ কাজে সৌর বিদ্যুৎ কিভাবে ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।" সেচের জন্য যে পাম্প ব্যবহার করা হচ্ছে তাতে যদি সৌর বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হয় এবং যদি ব্যয়বহুল না হয় তাহলে বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, "বিশেষ করে, উপকূল ও হাওর এলাকায় সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ পাম্প চালানো যায় কিনা তা নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।" তৌফিক ই ইলাহী বলেন, "এটি একটি প্রযুক্তিগত বিষয়। এ বিষয়ে আমরা গবেষকদের বলেছি। আশা করছি একটি সমাধান পাওয়া যাবে।" তিনি বলেন, "আমাদের ইশতেহারে বলাই আছে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়া হবে। ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব আহ্বানের জন্য আমরা পাওয়ার সেলকে নির্দেশ দিয়েছি।" "একই সঙ্গে আমরা আবহাওয়া অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের জন্য একটি উইন্ড ম্যাপ তৈরি করে দিতে। কারণ এটি না হলে বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব নয়", বলেন উপদেষ্টা। তিনি বলেন, "আমরা রাশিয়ার সঙ্গে কথা বলেছি। তারা বলেছে ছোট ছোট খরস্রোতা নদী থেকে ৫-১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। গত মাসে তাদের আসার কথা ছিল। আশা করছি এ মাসেই তারা আসবে।" তৌফিক ই ইলাহী বলেন, "ইডকলের মাধ্যমে গৃহস্থালী কাজের জন্য যেসব সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করা হচ্ছে তাতে ভর্তুকি দেওয়া হচ্ছে। এবারের বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ থাকবে বলে আশা করছি।" কর্মশালায় বাংলাদেশের ২৮জনসহ ৩০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। দক্ষিণ এশিয়ার জ্বালানি বিষয়ক নীতিনির্ধারক, নিয়ন্ত্রণ ও বিতরণ সংস্থার কর্মকর্তারা আলোচনায় অংশ নিবেন। কর্মশালা শেষ হবে ১১ জুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/২১৪৭ ঘ.