২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে ইউপি চেয়ারম্যানের পিস্তলের গুলিতে নিহত ১

কামরাঙ্গীরচরের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা মনির হোসেনের গুলিতে দু'জন নয় একজন নিহত হয়েছেন। নিহতের নাম হাসান (১৮)। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কামরাঙ্গীরচরের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা মনির হোসেনের গুলিতে দু'জন নয় একজন নিহত হয়েছেন। নিহতের নাম হাসান (১৮)। (সংশোধনীসহ) এর আগে মহানগর উপ-পুলিশ কমিশনার (লালবাগ জোন) আব্দুল মালেক জানিয়েছিলেন, ওই ঘটনায় মনির হোসেনের পিস্তলের গুলিতে দুই জন নিহত হয়েছেন। পরে বিষয়টি নিয়ে তার সঙ্গে আবারও যোগাযোগ করা হলে তিনি জানান, দু'জন নয় একজন নিহত হয়েছেন। এ ভুল তথ্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, "একজন খুব গুরুতর আহত হওয়ায় তাকে মৃত ভেবে ভুল করেছিল পুলিশ।" দু'জনের মৃত্যুর খবর জানান কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামও। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এর আগে জানান, মঙ্গলবার দুপুরে জনতা বিভিন্ন দাবি আদায়ে সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান মনির হোসেনকে ঘেরাও করলে তিনি নিজের আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন। এতে তিন জন গুলিবিদ্ধ হয়। এদিকে মনির হোসেনের পরিবারের সদস্যরা দাবি করেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তার ওপর হামলা চালালে তিনি বাঁচতে নিজের বৈধ অস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে পালিয়ে আসেন। স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতারা বলছেন, ঘটনার সময় তারা হামলার উদ্দেশ্যে নয়, মনির হোসেনের গাড়িটি যানজট থেকে ছাড়াতে গাড়ির দিকে এগিয়ে গিয়েছিলেন মাত্র। তার ওপর তারা কোনও হামলা চালাননি। মহানগর উপ-পুলিশ কমিশনার (লালবাগ জোন) আব্দুল মালেক জানিয়েছেন, ওই ঘটনায় মনিরের পিস্তলের গুলিতে এক জন নিহত হয়েছেন। তার নাম হাসান (১৮)। এছাড়া সুমন নামে গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ঘটনার পর মনির হোসেন পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরে জনতা চেয়ারম্যানের আশরাফাবাদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির পাশের একটি টিনশেড গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। এতে গ্যারেজের ভেতরে থাকা একটি গাড়ি পুড়ে যায়। আমাদের মিটফোর্ড প্রতিবেদক কামাল হোসেন তালুকদার ঘটনাস্থল থেকে জানান, বিকেল সোয়া ৪টার দিকে সহস্রাধিক মানুষ মনির চেয়ারম্যানের ফাঁসির দাবিতে মিছিল করে। প্রত্যক্ষদর্শী রনি জানান, দুপুর দেড়টার দিকে কামরাঙ্গীরচরে ঢোকার মুখে লোহার ব্রিজের ঢালে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মনির চেয়ারম্যানের সঙ্গে জনতার বাকবিতণ্ডা শুরু হয়। তখন জনতা মনির চেয়ারম্যানের গাড়ি ঘিরে রেখেছিল। এসময় মনির চেয়ারম্যান কয়েকরাউন্ড গুলি ছুঁড়লে কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে কিশোর হাসান নিহত হয়। হাসান কামরাঙ্গীরচর লোহার ব্রিজের ঢালে মামার কাঠের দোকানে কাজ করতো। হাসানের পাশের দোকানের কর্মী মাহফুজুর রহমান জানান, জনতার সঙ্গে বাকবিতণ্ডার সময় মনির চেয়ারম্যান গুলি ছুঁড়লে হাসানের বাম পাজরে একটি গুলি বিদ্ধ হয়। বিকেল সোয়া ৩টার দিকে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসানের বাবার নাম সিদ্দিক। তার বাড়ি পিরোজপুরের নেসারাবাদে। গুলির ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে যান মনির হোসেন।। তারপর উত্তেজিত শত শত মানুষ তার আশরাফাবাদ ২৮ নম্বর নিজামবাগের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় উত্তেজিত জনতা বাড়ির পাশে চেয়ারম্যানের টিনশেড গাড়ির গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। এতে গ্যারেজের ভেতরে থাকা একটি নিসান প্যাট্রোল (ঢাকা মেট্রো ম ০২ ১৭৯০) গাড়ি পুড়ে যায়। লালবাগ দমকল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মানিকুজ্জামান জানান, বেলা আড়াইটার দিকে তারা দু'টি গাড়ি নিয়ে আগুন নেভাতে যান। বিকেল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। চেয়ারম্যান মনির হোসেনের বাড়ি ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে র‌্যাব সদস্যরাও অবস্থান করছে। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মহানগর যুবলীগের একটি কর্মসূচিতে যোগদানের জন্য ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা লোহারব্রিজের ঢালে জমায়েত হচ্ছিল। দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ফিরছিলেন বিএনপি সমর্থিত স্থানীয় চেয়ারম্যান মনির হোসেন। সব সময়ের মতো তখন লোহার ব্রিজের ঢালে প্রচুর রিক্সাজট ছিল। যানজটে আটকে যায় চেয়ারম্যানের গাড়িটি। তিনি দাবি করেন, ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা দল বেঁধে তার গাড়িটি যানজটমুক্ত করতে এগিয়ে যায়। প্রায় দু' শতাধিক লোক তার গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে কিছুটা সন্ত্রস্ত হয়ে পড়েন চেয়ারম্যান। এসময় তিনি পিস্তল বের করে বেপরোয়া গুলি ছুঁড়ে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান। তার দ্রুত ধাবমান গাড়িতে ধাক্কা খেয়ে কয়েকটি রিক্সা উল্টে যায়, ছিটকে যায় এবং বেশ কয়েকজন আহত হয়। কামাল হোসেন দাবি করেন, চেয়ারম্যানের ছোঁড়া গুলিতেই তিনজন গুলিবদ্ধ হয়। তিনি জানান, সোমবার রাতে স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বাসায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীরা গিয়েছিলেন। সেখানে মনির চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা মনির চেয়ারম্যানের বিরুদ্ধে টিআর'র গম আত্মসাতের অভিযোগ তুলেন। এ ঘটনার পর মঙ্গলবার তার দিকে ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের এগিয়ে আসতে দেখে তিনি সোমবারের ঘটনার জের বলে মনে করতে পারেন বলে কামাল হোসেনের ধারণা। মনির চেয়ারম্যানের স্ত্রী রুমা হোসেন জানান, আশরাফাবাদ স্কুলের পাশের ডোবা ভরাট করে জায়গা দখল করার জন্য আওয়ামী লীগের লোকজন বেশ কয়েকদিন ধরে তার স্বামীকে চাপ দিয়ে আসছিল। কিন্তু তিনি এতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি তিনি স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রীকে জানান। এরপর থেকেই তার ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তিনি জানান, ঘটনার পর মনির দ্রুত গাড়ি চালিয়ে এসে বাড়ির গ্যারেজে গাড়িটি রেখেই পালিয়ে যান। মনিরের সঙ্গে গাড়িতে থাকা কয়েকজনকে উদ্ধৃত করে রুমা জানান, বেশ কয়েকদিন ধরে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সুযোগ বুঝে তার (মনির হোসেনের) গাড়িতে হামলা চালায় এবং গুলিও করে। তিনি বাঁচার জন্য তার বৈধ অস্ত্র দিয়ে গুলি করে দ্রুত পালিয়ে আসেন। চেয়ারম্যানের স্ত্রী অভিযোগ করেন, পুলিশের সামনেই বিক্ষুব্ধ জনতা তাদের গাড়ির গ্যারেজে আগুন লাগিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এলএইচ/এইচএ/২০০০ ঘ.