ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিবিদদের হয়রানি করার জন্য যৌথবাহিনীকে দায়ী করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেন, "যৌথবাহিনীর নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করেছিল। দুদক তখন স্বাধীনভাবে কাজ করতে পারেনি।"
চেক প্রজাতন্ত্রের উপ পররাষ্ট্রমন্ত্রী হেলেনা ব্যামবাসোভার নেতৃত্বে আসা ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কা মিশনের সঙ্গে সাক্ষাতের পর আইনমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই ওই সরকার তখন দুদককে ব্যবহার করেছিল- এই মন্তব্য করে শফিক আহমেদ বলেন,"এর পেছনে ছিল অন্যশক্তি।"
শফিক আহমেদ বলেন, "ওই সরকারের উদ্দেশ্য ছিল এ দেশে সুষ্ঠুভাবে গণতন্ত্র পরিচালিত হতে না দেওয়া। তারা প্রমাণ করতে চেয়েছিল এ দেশে গণতন্ত্র অচল।"
এর পেছনে কী শক্তি ছিল তা সবাই জানে বলে মন্তব্য করেন তিনি।
শফিক আহমেদ জানান, ট্রয়কা প্রতিনিধি দলের সঙ্গে দুদক ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলসহ জাতীয় সংসদ কার্যকর করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বর্তমান সরকারের সময়ে দুদক স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি করেন এই মন্ত্রী বলেন, "বর্তমানে দুর্নীতি দমন কমিশন নিজেদের আইনজীবী ও তদন্ত কর্মকর্তা নিয়ে সব মামলা পরিচালনা করছে। অতীতের মতো সরকারের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করবে না।"
মানবাধিকার কমিশন আইন চলতি সংসদেই পাশ হবে বলে আশাবাদ জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, "মানবাধিকার কমিশন অধ্যাদেশটি বিল আকারে গত সংসদ অধিবেশনে উত্থাপিত হয়েছে। বর্তমানে তা স্থায়ী কমিটিতে পরীক্ষা-নিরীক্ষায় রয়েছে। এই সংসদেই তা আইন হবে। "
জাতীয় সংসদ কার্যকর করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, "সরকার ও বিরোধী দল সংসদকে সব কার্যক্রম ও আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে দেখতে চায়। সংসদকে কার্যকর করতে বিরোধী দলকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।"
সংবিধানের ৫ম সংশোধনী বাতিল হওয়ার পরে চারদলীয় জোট সরকার যে আপিল করেছে তা আর বর্তমান সরকার চালাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, "'৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। এজন্যে আপিল আর সরকার চায় না।"
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে শফিক আহমেদ বলেন, "এ বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। রাজনৈতিক কারণে মামলা দেওয়া হবে না। সরকারও চায় যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হোক। এজন্যে সরকার সতর্কতার সঙ্গে এগোচ্ছে।"
আইন মন্ত্রীর কার্যালয়ে বৈঠকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আট সদস্যের প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ব্রিগ হ্যাগস্ট্রমও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এইচএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24