২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে সিলেটে সেমিনারে উদ্বেগ

ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখে প্রস্তাবিত বাঁধ নির্মাণের বিরোধিতা করে সোমবার সন্ধ্যায় সিলেটে একটি গণ সেমিনার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 08:33 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

সিলেট, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখে প্রস্তাবিত বাঁধ নির্মাণের বিরোধিতা করে সোমবার সন্ধ্যায় সিলেটে একটি গণ সেমিনার হয়েছে। 'মুক্তমঞ্চ সিলেট' নামের একটি সংগঠন নগরীর রিকাবীবাজারে এম. সাইফুর রহমান মিলনায়তনে 'টিপাইমুখ বাঁধ: পরিবেশ ও জনজীবনে ভয়াবহ হুমকি' শীর্ষক এ সেমিনার আয়োজন করে যাতে মূলত বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা যোগ দেন। ড. তারেক শামুসর রেহমান ভারতের আচরণে বিস্ময় প্রকাশ করে বলেন, "এটা তো শুধু তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নয়। যেহেতু বরাক আন্তর্জাতিক নদী সেহেতু এ সংক্রান্ত আইন-কানুন মেনেই তাদের উদ্যোগী হতে হবে।" আ ন ম ফজলুর রহমান বলেন, "ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণ করলে স্বল্পতম সময়ে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে।" মোহাম্মদ আসাফউদ্দোলা বলেন, "ভারত কখনও যুক্তি শুনতে চায় না। ফারাক্কা বাঁধের কারণে তিন কোটি মানুষের জীবন বিপন্ন হয়েছে। টিপাইমুখে বাঁধ নির্মিত হলে আরো তিন কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।" তিনি বলেন, "এ অঞ্চলে এরূপ বাঁধ নির্মাণ করা হলে বন্যার প্রবণতা বেড়ে যাবে। ধ্বংসের মুখে পড়বে আমাদের জীববৈচিত্র্য।" অন্য বক্তারাও জাতীয় স্বার্থের ওপর অগ্রাধিকার দিয়ে এ বাঁধ নির্মাণ প্রতিহত করতে সকলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সেমিনারে আরো বক্তব্য দেন জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমান, অধ্যাপক মাহবুবুল হক প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রব। এ ছাড়া আব্দুল হাই শিকদার একটি প্রবন্ধ উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/এসকে/২৩৫৭ঘ.