২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজি হয়েও জবানবন্দি দিলেন না লিয়াকত

রাজি হয়েও শেষ পর্যন্ত আদালতে জবানবন্দি দেননি দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 05:49 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজি হয়েও শেষ পর্যন্ত আদালতে জবানবন্দি দেননি দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন। মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা জানান, দুপুর ১২টায় লিয়াকতকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়। বিচারক নিয়ম অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ার জন্য তাকে তিন ঘণ্টা সময় দেন। বিকেল তিনটায় লিয়াকত জবানবন্দি দিতে রাজি হলে তাকে বিচারকের খাস কামরায় নেওয়া হয়। কিন্তু জবানবন্দি র্ফমের ৫ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত জবানবন্দি দিতে রাজি থাকলেও ষষ্ঠ অনুচ্ছেদে গিয়ে তিনি অস্বীকৃতি জানান। এ অবস্থায় হাকিমের খাস কামরায় তিনি প্রায় ২০ মিনিট থাকেন। পরে আদালত লিয়াকতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ঢাকায় টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে ছয়দিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার সন্ধ্যায় লিয়াকতকে চট্টগ্রাম আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিয়াকত জবানবন্দি না দেওয়ায় তদন্ত কাজে কোন ব্যাঘাত ঘটবে না। কারণ অন্যান্য তথ্য-উপাত্ত এবং অন্য আসামিদের স্বীকারোক্তি রয়েছে। তিনি বলেন, ঢাকায় জিজ্ঞাসাবাদে লিয়াকত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন। ১৬৪ ধারায় জবানবন্দি দিতেও তিনি সম্মত হন। এ কারণেই সোমবার তাকে আদালতে হাজির করা হয়। লিয়াকতের আইনজীবী আবুল হোসেন আদালতে সাংবাদিকদের বলেন, তিনি (লিয়াকত) খুবই অসুস্থ এবং লো-প্রেসারে ভুগছেন। মঙ্গলবার তার জামিনের জন্য আবেদন করা হতে পারে। এদিকে মামলায় গ্রেপ্তার অপর আসামি এনএসআই'র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে ছয়দিন টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে আাদলতের হাজির করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রেজ্জাকুলের আইনজীবীরা জামিন আবেদন করলেও হাকিম ফজলুল বারী তা নামঞ্জুর করেন। এ ছাড়া মামলার অপর আসামি এনএসআই'র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিনকে মঙ্গলবার থেকে আবারো জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। গত ৩ জুন সাহাব উদ্দিনকে তৃতীয় দফায় চারদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/টিআর/২৩৫১ ঘ.