২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশ শ্রেণীতে বয়সের ভিত্তিতে ভর্তির নিয়ম বাতিল

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করবে ১২ জুলাই থেকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতবারের মতোই পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে। কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। এবার আগের বারের বিতর্কিত বয়সের ভিত্তিতে ভর্তির নিয়মটি বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করবে ১২ জুলাই থেকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতবারের মতোই পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে। কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। এবার আগের বারের বিতর্কিত বয়সের ভিত্তিতে ভর্তির নিয়মটি বাতিল করা হয়েছে। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় ২০০৯-১০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির এ নীতিমালা ঘোষণা করেছে। ঘোষিত নীতিমালায় সমমেধা সম্পন্ন প্রার্থী বাছাইয়ে মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে। ২০০৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা বিলম্ব ফি ছাড়া ৭ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ ২০ জুলাই। মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী এবারও একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে কোন বাছাই পরীক্ষা নেওয়া যাবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের (জিপিএ) ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করতে হবে। বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান পয়েন্ট অর্জনের বিষয়টি নিস্পত্তির জন্য সাধারণ গণিত, উচ্চতর গণিত বা জীব বিজ্ঞানে ৫ পয়েন্ট পাওয়া প্রার্থীদেরকে অগ্রাধিকার দিতে হবে। এতেও সমাধান না হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও রসায়নে অর্জিত পয়েন্ট বিবেচনায় আনতে হবে। এরপরও সমস্যার সমাধান না হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্র থেকে ছাত্র-ছাত্রীদের মেধাক্রম (নম্বর ভিত্তিতে) সংগ্রহ করে প্রার্থী বাছাই করবে। এবার সমমেধা সম্পন্ন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের অগ্রাধিকার দিতে হবে। আগের বার একই জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে যার বয়স বেশি তাকে ভর্তির সুযোগ দেওয়া হতো। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণীতের ভর্তির ক্ষেত্রে শহরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এবার ১২ শতাংশ আসন মফস্বলের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৮৮ শতাংশ সবার জন্য উন্মুক্ত থাকবে । আগে মফস্বলের জন্য সংরক্ষিত থাকত ১০ শতাংশ আসন । তবে 'স্কুল অ্যান্ড কলেজগুলো' নিজ প্রতিষ্ঠানের স্কুল শাখার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেবে। নীতিমালায় ভর্তির বিভিন্ন ফি আগের মতোই থাকছে। এবারও নিবন্ধন ফি ৫০ টাকা, ক্রীড়া ফি ২৫ টাকা, রোভার স্কাউট ফি ১০ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শাখা ও বিষয় পরিবর্তন ফি ২৫ টাকা রাখা হয়েছে। পরিপত্রে বলা হয়, এ নীতিমালার কোনরূপ ব্যত্যয় ঘটানো হলে বেসরকারি কলেজের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজটির এমপিও সুবিধা (বেতন বাবদ সরকারি অনুদান) বাতিল করা হবে। সরকারী কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২১০ঘ.