২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টু আবার তিন দিনের আইনী হেফাজতে

বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে বিডিআর বিদ্রোহের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশী হেফাজাতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 11:30 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে বিডিআর বিদ্রোহের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশী হেফাজাতে পাঠিয়েছে আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মুমিনুল হাসান এ নির্দেশ দেন। বিকেল সাড়ে চারটায় পিন্টুকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে আরও ১০ দিন রিমান্ডের আবেদন জানায়। এর আগে গত বুধবার আদালত পিন্টুকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে দেয়। রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি'র সিনিয়র পুলিশ সুপার আবদুল কাহার আখন্দ বিডিআর ঘটনায় পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহে মদদ দান, বিদ্রোহীদের সমর্থনে মিছিল বের করতে উৎসাহ দান এবং বিদ্রোহী জওয়ানদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ করেন। ওই আবেদনে আরও বলা হয়, পিলখানায় বিদ্রোহ ঘটনায় সামরিক বাহিনীর কর্মকর্তাদের হত্যা, অগ্নিসংযোগ,লুণ্ঠনসহ বিভিন্ন অপকর্মে বিদ্রোহীদের ইন্ধন যুগিয়েছেন পিন্টু। পিন্টুর পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নাল আবেদীন মেসবাহসহ অন্য আইনজীবী আদালতে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। গত ২৭ মে প্রকাশিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে বিডিআর বিদ্রোহীদের পালিয়ে যাওয়ার ব্যাপারে সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু জড়িত বলে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসকে/১৭৩৭ঘ.