ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস গণহত্যার জন্য দেশটির প্রতি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবিতে অনড় বাংলাদেশ।
একাত্তরের নৃশংসতার জন্য মঙ্গলবার পাকিস্তানকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেন। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাশার খান বাবর ওই দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান।
এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ওই 'অতীত ভুলে যেতে' বাংলাদেশের প্রতি আহ্বান জানায়।
এর জবাবে পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন শুক্রবার বলেন, "আমরা এই ইস্যুতে আমাদের অবস্থান পরিবর্তন করিনি। আমাদের পররাষ্ট্র মন্ত্রী ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে
এ ব্যাপারে সুস্পষ্টভাবে তার বক্তব্য জানিয়ে দিয়েছেন। "
তিনি বলেন, "তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা তা বলতে পারে।"
পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক 'ডন'এর খবরে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত বলেছেন, "১৯৭৪ সালে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে তার আওতায় এ ক্ষমা প্রার্থনার বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে।"
বাসিত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে আরো বলেন, "পাকিস্তান একাত্তরের নৃশংসতার নিন্দা জানিয়েছে ও দুঃখ প্রকাশ করেছে।
৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে এই প্রথমবারের মতো কথা বললেন।
১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে ৩০ লাখ মানুষ নিহত এবং ৩ লাখ নারী ধর্ষিত হওয়ার ঘটনায় পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগসহ অনেক মহল দাবি জানিয়ে আসছে।
দীর্ঘ ৩৮ বছরেও পাকিস্তান ৩০ লাখ মানুষ হত্যার বিষয়টি এখনো স্বীকার করেনি।
কোনো গণতান্ত্রিক সরকারের দীর্ঘ নীরবতার পর মাত্র ২০০২ সালে দেশটির সেনাশাসক সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বাংলাদেশ সফরে 'ওই ঘটনার' জন্য সাধারণভাবে দুঃখ প্রকাশ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২২৫০ঘ.
bdnews24