২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার জন্য দেশটির প্রতি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 08:54 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার জন্য দেশটির প্রতি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাশার খান বাবর মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। ৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে এই প্রথমবারের মতো কথা বললেন। এছাড়া বাংলাদেশে আটকে পড়া কয়েক লাখ পাকিস্তানিকে ফিরিয়ে নেওয়া এবং দুই দেশের মধ্যে সম্পদের ভাগ নিয়ে বিরোধ নিষ্পত্তির ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে একটি শোকবার্তা পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করতে পাকিস্তানি হাইকমিশনার তার সঙ্গে দেখা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি হাইকমিশনার আলমগীর বাশার জানিয়েছেন, এসব বিষয় নিয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হতে পারে। পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে ৩০ লাখ মানুষ নিহত এবং ৩ লাখ নারী ধর্ষিত হওয়ার ঘটনায় পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগসহ অনেক মহল দাবি জানিয়ে আসছে। দীর্ঘ ৩৮ বছরেও পাকিস্তান ৩০ লাখ মানুষ হত্যার বিষয়টি এখনো স্বীকার করেনি। কোনো গণতান্ত্রিক সরকারের দীর্ঘ নীরবতার পর মাত্র ২০০২ সালে দেশটির সেনাশাসক সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বাংলাদেশ সফরে 'ওই ঘটনার' জন্য সাধারণভাবে দুঃখ প্রকাশ করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/এসকে/২০২৪ঘ.